টলিপাড়ার পরিচিত অভিনেতা জীতু কমল-কে আপাতত আর নিয়মিতভাবে ছোটপর্দায় দেখা যাবে না। সম্প্রতি শেষ হয়েছে তাঁর ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। এরপর থেকেই জোর আলোচনা শুরু হয়, অভিনেতা কি ইচ্ছে করেই টেলিভিশন থেকে দূরে সরে যাচ্ছেন? অবশেষে এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গে মুখ খুলেছেন জীতু নিজেই।
সাক্ষাৎকারে অভিনেতা জানান, আপাতত ছোটপর্দায় ফেরার কোনও পরিকল্পনা তাঁর নেই। তিনি বলেন, দর্শকদের কাছ থেকে এখনও অনেক ভালোবাসা এবং অনুরোধ পান। তবে এই মুহূর্তে তিনি নিজেকে কিছুটা দূরে রাখতেই চাইছেন। পাশাপাশি কাজের অভিজ্ঞতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে তিনি বলেন, অনেক কষ্ট এবং মানসিক চাপের মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। যদিও বিস্তারিতভাবে কিছু বলতে চাননি অভিনেতা।
এই ধারাবাহিক চলাকালীন একাধিকবার সহ-অভিনেত্রীদের সঙ্গে জীতু কমল-এর সম্পর্ক নিয়ে নানা আলোচনা সামনে আসে। প্রথমে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে মতবিরোধের খবর ছড়ায়। পরে পায়েল দেব এবং শিরিন পালের সঙ্গেও অভিনেতার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়। যদিও পরে শিরিন প্রকাশ্যে জানান, তাঁদের মধ্যে কোনও সমস্যা নেই এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।
এই বিতর্ক প্রসঙ্গে জীতু বলেন, অনেক সময় কাজের থেকে অন্য বিষয় বেশি গুরুত্ব পেতে শুরু করে। তাঁর কথায়, সহ-অভিনেত্রীদের সঙ্গে বহু সময় খুব ভালো সম্পর্কেও কাজ হয়েছে, তবুও নানা গুজব ছড়িয়েছে। তবে তিনি এই ধরনের পরিস্থিতিকে পেশারই অংশ বলে মনে করেন। কাজের জায়গায় মতের অমিল থাকতেই পারে, কিন্তু সেটাকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানো ঠিক নয় বলেও মন্তব্য করেন অভিনেতা।
আরও পড়ুনঃ প্রেম বাড়লে ওজনও কমবে! নতুন ভিডিওতে সম্পর্কের মজার টিপস দিলেন রাজা-মধুবনী!
অভিনেতা আরও বলেন, তাঁর পিছনে কোনও বড় ফিল্মি পরিবার নেই। সাধারণ পরিবারের ছেলে হিসেবেই তিনি নিজের জায়গা তৈরি করেছেন। তবে কাজের জায়গায় সহকর্মী এবং টেকনিশিয়ানদের ভালোবাসাই তাঁকে এগিয়ে যেতে সাহস দেয়। বর্তমানে ছোটপর্দা থেকে কিছুটা দূরে থাকলেও, ভবিষ্যতে তিনি আবার ফিরবেন কি না, সেই উত্তর সময়ই দেবে।





