অনীক দত্তের মৃ’ত্যুতে শোকস্তব্ধ টলিউড! শেষকৃত্য নিয়ে কি জানাল পরিবার?

বাংলা সিনেমা জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত পরিচালক Anik Dutta-র আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগী ও সহকর্মীরা। বুধবার দুপুরে নিজের বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পর গড়িয়াহাট থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে।

পরিচালকের শেষকৃত্য কবে হবে, তা নিয়ে জল্পনা চলছিল। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন তাঁর স্ত্রী সন্ধি দত্ত। পরিবারের তরফে জানানো হয়েছে, আপাতত বিদেশে থাকা মেয়ে ঐশীর ফেরার অপেক্ষা করা হচ্ছে। তিনি কলকাতায় পৌঁছানোর পরই শেষকৃত্যের সমস্ত প্রস্তুতি শুরু হবে। সূত্রের খবর, আজ কোনও অনুষ্ঠান না হলেও আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হতে পারে।

শেষ শ্রদ্ধা জানানোর স্থান নিয়েও বদল এসেছে। প্রথমে নন্দনে মরদেহ নিয়ে যাওয়ার কথা ভাবা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এখন ঠিক হয়েছে, কিংবদন্তি পরিচালক Satyajit Ray-এর বাড়িতেই রাখা হবে অনীক দত্তের মরদেহ। সেখানে চলচ্চিত্র জগতের মানুষ ও অনুরাগীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর শ্মশানে নিয়ে গিয়ে দাহকার্য সম্পন্ন করা হবে।

এসএসকেএম হাসপাতালে হওয়া প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরুতর আঘাতের কথা। উপর থেকে পড়ে যাওয়ার ফলে মাথায় ভয়াবহ চোট লাগে পরিচালকের। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং খুলির একটি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়া বুকের পাঁজর, কোমর ও শরীরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ হাড় ভেঙে গিয়েছে।

চিকিৎসকদের মতে, পতনের অভিঘাত অত্যন্ত তীব্র ছিল। ফুসফুসেও গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ। এটি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অনীক দত্তের এই আকস্মিক মৃত্যুতে বাংলা চলচ্চিত্র মহলে শোকের আবহ তৈরি হয়েছে।