স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ঘূর্ণি’ খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। তারই প্রমাণ মিলেছে চলতি সপ্তাহের টিআরপি তালিকায়, যেখানে ধারাবাহিকটি সেরা পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছে। গল্পের পাশাপাশি ঘূর্ণি ও পৃথ্বীরাজের রসায়নও দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে। এবার সেই গল্পেই আসতে চলেছে বড়সড় মোড়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ঘূর্ণি’র নতুন প্রোমো। সেখানে দেখা যায়, বিয়ের পর ঘূর্ণিকে আবার ক্রিকেট মাঠে ফিরিয়ে আনতে পরিকল্পনা করছে পৃথ্বীরাজ। পরিবারের কাছে হানিমুনে যাওয়ার কথা বললেও আসলে তারা খেলায় ফেরার প্রস্তুতি নিতে বেরোতে চায়। পৃথ্বীরাজের এই পরিকল্পনা শুনে অবাক হয়ে যায় ঘূর্ণি। তবে শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও এরপরই গল্পে দেখা দেবে বড় সমস্যা।
নতুন ঝলকে ইঙ্গিত মিলেছে, কোনও এক ঘটনার জেরে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আন্ডার-১৯ বিভাগ থেকে নিষিদ্ধ করা হবে ঘূর্ণিকে। ম্যাচের আগের রাতে ঠিক কী ঘটেছিল এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, সেই প্রশ্ন উঠবে চারদিকে। সংবাদমাধ্যমও জানতে চাইবে ঘটনার আসল কারণ। ফলে ঘূর্ণির জীবনে নেমে আসবে নতুন সংকট।
শুধু মাঠেই নয়, ব্যক্তিগত জীবনেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে সে। প্রোমোতে দেখা যায়, ঘূর্ণির শ্বশুরবাড়িতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং বাড়ির বাইরে পর্যন্ত অশান্তির আবহ তৈরি হয়। এই কঠিন সময়ে স্ত্রীর পাশে দাঁড়ায় পৃথ্বীরাজ। কিন্তু ঘূর্ণির জন্য শ্বশুরবাড়ির দরজাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে।
আরও পড়ুনঃ মৃ’ত্যুর পরের মায়াকান্না নিয়ে বিস্ফোরক রূপসা! ‘বেঁচে থাকতে পাশে দাঁড়ান’ স্পষ্ট বার্তা অভিনেত্রীর!
এখন প্রশ্ন, এত বাধা পেরিয়ে কি আবার নিজের স্বপ্নের পথে ফিরতে পারবে ঘূর্ণি? নাকি তাকে ক্রিকেট ছেড়ে দিতে হবে? সেই উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। উল্লেখ্য, ধারাবাহিকে ঘূর্ণির চরিত্রে অভিনয় করছেন সপ্তাশ্রী নন্দ এবং পৃথ্বীরাজের ভূমিকায় রয়েছেন কুণাল শীল। আগামী ১ জুন সম্প্রচারিত বিশেষ পর্বে এই নতুন মোড়ের সাক্ষী থাকবেন দর্শকরা।





