ছুটির দিনে শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে রেখে একসঙ্গে সময় কাটালেন বাংলা টেলিভিশনের একঝাঁক পরিচিত মুখ। অভিনেত্রী মানসী সেনগুপ্ত তাঁর নতুন ফ্ল্যাটে আয়োজন করেছিলেন এক ঘরোয়া আড্ডার। রবিবার দুপুরে সেখানে হাজির হয়েছিলেন ‘তারে ধরি ধরি’ ধারাবাহিকের একাধিক কলাকুশলী। সিরিয়ালের প্রধান অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি আরও কয়েকজন পরিচিত মুখও যোগ দেন এই বিশেষ মিলনমেলায়।
এই আড্ডায় দেখা যায় পল্লবী শর্মা, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, অহনা দত্ত, দীপঙ্কর রায় এবং তনুশ্রী গোস্বামীর মতো শিল্পীদের। সকলেই একসঙ্গে গল্প, আড্ডা আর খাওয়া দাওয়ায় মেতে ওঠেন। দীর্ঘদিনের সহকর্মীদের এমন অনানুষ্ঠানিক মুহূর্ত স্বাভাবিকভাবেই নজর কাড়ে অনুরাগীদের। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতেও ধরা পড়ে সেই আনন্দঘন পরিবেশ।
তবে শুধু তারকাদের উপস্থিতিই নয়, নজর কেড়েছে মানসীর নতুন ফ্ল্যাটের অন্দরসজ্জাও। বসার ঘরে সাজানো আসবাব, কাঁচের টেবিল, সুন্দর ল্যাম্পশেড এবং দেওয়ালে টাঙানো দুর্গার মুখোশ পুরো পরিবেশকে আলাদা মাত্রা দিয়েছে। ঘরের প্রতিটি কোণেই ছিল রুচিশীলতার ছাপ। আরামদায়ক পরিবেশে বসেই অতিথিরা দীর্ঘ সময় একসঙ্গে কাটান বলে জানা গেছে।
সবকিছুর মাঝেই আলোচনা শুরু হয়েছে কয়েকজন বিশেষ অতিথিকে ঘিরে। আড্ডায় উপস্থিত ছিলেন অস্মিতা চক্রবর্তী এবং তাঁর সঙ্গে প্রারব্ধি সিংহ। তবে সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে। কারণ তিনি ‘তারে ধরি ধরি’ ধারাবাহিকের সঙ্গে যুক্ত নন। ফলে তাঁর এই উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ সুরের জগতে অপূরণীয় ক্ষতি! না ফেরার দেশে কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর!
যদিও এই বিষয়ে কেউ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। তবে অনুরাধার উপস্থিতি নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে টেলিপাড়ায়। জল্পনা যতই থাকুক, মানসী সেনগুপ্তর নতুন ফ্ল্যাটে তারকাদের এই জমজমাট মিলনমেলা যে বেশ উপভোগ্য ছিল, তা ছবিগুলো দেখলেই স্পষ্ট। ছুটির দিনের এই বিশেষ আড্ডা এখন অনুরাগীদের মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।





