নীলের জন্মদিনে তৃণার নীরবতা! সম্পর্কের দূরত্ব নিয়ে ফের জোর জল্পনা টলিপাড়ায়!

টলিউডের জনপ্রিয় জুটি Neel Bhattacharya এবং Trina Saha-কে ঘিরে সম্পর্ক ভাঙনের গুঞ্জন নতুন নয়। গত এক বছর ধরে তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছে। সেই জল্পনাই আরও জোরালো হয়েছে নীলের জন্মদিনকে কেন্দ্র করে। ৮ জুন ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করলেও সেখানে দেখা যায়নি তৃণাকে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও নীলকে কোনও শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি অভিনেত্রীকে।

গত বছরের জন্মদিনে দুজনকে একসঙ্গে উদযাপন করতে দেখা গিয়েছিল। তাই এবারের সম্পূর্ণ ভিন্ন ছবি অনেকের নজর কেড়েছে। নীলের বিশেষ দিনে তৃণার অনুপস্থিতি নিয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, দুজনের সম্পর্কের টানাপোড়েন এখন আর গোপন নেই। যদিও এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি নীল বা তৃণা।

এদিকে নীলকে শুভেচ্ছা না জানিয়ে তৃণা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। একটি পোস্টে তিনি লেখেন, জীবনে কিছু মানুষ এখনও তাঁর পাশে রয়েছেন এবং কিছু ‘বিষাক্ত’ মানুষকে হারিয়ে ফেলেছেন। আরেকটি পোস্টে নতুন জীবন ও নতুন অধ্যায় শুরু করার বার্তা দেন অভিনেত্রী। পুরোনো সময়কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার কথাও উঠে আসে সেই পোস্টে।

অন্যদিকে জন্মদিনের উদযাপনের নানা ছবি ও ভিডিও শেয়ার করেছেন নীল। সেখানে অভিনেত্রী Nandini Dutta-র সঙ্গে তাঁকে আনন্দের মুহূর্ত কাটাতে দেখা যায়। সেই ভিডিও ঘিরেও নেটমাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকে তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বিষয়টি নিয়ে নীল বা নন্দিনী কেউই কোনও মন্তব্য করেননি।

সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে উঠেছে আরেকটি ঘটনা। নীল ও নন্দিনীর সেই ভিডিওতে তৃণার লাইক নজরে এসেছে নেটিজেনদের। ফলে একদিকে রহস্যময় পোস্ট, অন্যদিকে সেই ভিডিওতে প্রতিক্রিয়া— সব মিলিয়ে জল্পনা আরও বেড়েছে। যদিও বিচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবু সোশ্যাল মিডিয়ার সাম্প্রতিক ঘটনাগুলি টলিপাড়ার এই তারকা জুটিকে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।