মা হওয়ার পর জীবনে একাধিক পরিবর্তনের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। মাতৃত্বের নতুন অভিজ্ঞতার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনেও এসেছে নানা বদল। সম্প্রতি এক আলোচনাসভায় অংশ নিয়ে মা হওয়ার পর নিজের অনুভূতি এবং শরীরের পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
সেই অনুষ্ঠানে পরিণীতি জানান, সন্তান জন্মের পর শরীরে যে দাগ বা পরিবর্তন আসে, তা লুকিয়ে রাখার বা নেতিবাচকভাবে দেখার কোনও কারণ নেই। তাঁর মতে, এই চিহ্নগুলো একজন নারীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। এগুলো মনে করিয়ে দেয় যে একজন মা নতুন জীবন পৃথিবীতে আনার অসাধারণ দায়িত্ব পালন করেছেন।
অভিনেত্রীর বক্তব্যে উপস্থিত বহু মায়ের সমর্থনও মিলেছে। তিনি বলেন, সমাজে এখনও সন্তানধারণের পর শরীরের পরিবর্তন নিয়ে নানা ভুল ধারণা রয়েছে। সেই মানসিকতা বদলানো প্রয়োজন। পরিণীতির মতে, এই পরিবর্তনকে গর্বের সঙ্গে গ্রহণ করা উচিত এবং তা নিয়ে অস্বস্তি বোধ করার কোনও কারণ নেই।
মাতৃত্বের পাশাপাশি পরিবারের নারীদের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। পরিণীতির মতে, অনেক মা পরিবারের অন্য সদস্যদের যত্ন নিতে গিয়ে নিজের প্রয়োজন ও ইচ্ছার কথা ভুলে যান। তাই মহিলাদের একে অপরের পাশে দাঁড়ানো এবং নিজেদের জন্যও সময় বের করা জরুরি বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ অহনার জন্মদিনে আবেগঘন বার্তা দীপঙ্করের! ভালোবাসায় ভরল সোশ্যাল মিডিয়া!
ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে বলতে গিয়ে জানা যায়, ২০২২ সালে এক অনুষ্ঠানে রাজনীতিবিদ রাঘব চড্ডার সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়। ২০২৩ সালে বাগদান এবং একই বছরের সেপ্টেম্বরে বিবাহের পর ২০২৫ সালের অক্টোবরে তাঁদের পুত্রসন্তান নীরের জন্ম হয়। বর্তমানে পরিবার এবং মাতৃত্বের নতুন অধ্যায় নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেত্রী।





