বলিউড অভিনেতা সলমন খানকে ঘিরে বহু বছর ধরে আলোচনায় থাকা কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রায় দুই দশক আগে রাজস্থানে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলাকালীন এই ঘটনার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই মামলাকে কেন্দ্র করেই এবার তৈরি হয়েছে নতুন ছবি ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’, যা নিয়ে আপত্তি তুলেছেন অভিনেতা।
ছবির পোস্টার ও টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়। নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ, ছবির বিভিন্ন চরিত্র ও উপস্থাপনায় এমন কিছু বিষয় রাখা হয়েছে যা সলমন খানের ব্যক্তিগত ভাবমূর্তি এবং জনসমক্ষে তাঁর পরিচিতির সঙ্গে মিল খুঁজে দেয়। বিশেষ করে টিজারে ব্যবহৃত কিছু ভিজ্যুয়াল দর্শকদের নজর কেড়েছে।
এদিকে ছবির মুক্তি ও প্রচার বন্ধ করার দাবিতে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন খান বলে একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। অভিনেতার দাবি, বিচারাধীন একটি মামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই ছবি তাঁর ভাবমূর্তিকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। সেই কারণেই তিনি আদালতের হস্তক্ষেপ চেয়েছেন।
সূত্রের খবর, ছবির পোস্টার প্রকাশের পরই অভিনেতার আইনজীবীদের পক্ষ থেকে নির্মাতাদের সতর্ক করা হয়েছিল। তবে সেই বিতর্কের মাঝেই প্রকাশ্যে আসে ছবির টিজার। এরপরই আইনি পদক্ষেপের পথে হাঁটেন সলমন। বিষয়টি নিয়ে বিনোদন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ‘অভিমান শুধু সিনেমা নয়, আমাদের জীবনের অংশ…’, ‘আগে ডেলিভারিটা হোক, বাচ্চাটা বড় হোক…’ হঠাৎ কেন এমন বললেন অভিনেতা যিশু সেনগুপ্ত?
অভিনেতার পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, চলমান মামলার প্রেক্ষাপটে এ ধরনের ছবি জনমত এবং আইনি প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে। তাই ছবির প্রচার ও মুক্তির উপর অন্তর্বর্তী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে। আদালতে এই সংক্রান্ত শুনানির দিকে এখন নজর রয়েছে সিনেমাপ্রেমী এবং বলিউড মহলের।





