দীর্ঘদিন ধরে পায়ের চোটের যন্ত্রণা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো। এমনকি এক সময় লাঠির সাহায্যে শুটিং করতেও হয়েছে তাঁকে। চোট নিয়েই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ওষুধ ও ইনজেকশনের উপর নির্ভর করে আর বেশিদিন চলা সম্ভব না হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
প্রায় এক মাস আগে তাঁর হিপ জয়েন্টে অস্ত্রোপচার হয়। বর্তমানে বিশ্রামে থাকলেও এখনও পুরোপুরি কাজে ফিরতে পারেননি জোজো। সম্প্রতি অস্ত্রোপচারের এক মাস পূর্তি উপলক্ষে সেই সময়ের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। পাশাপাশি চিকিৎসক, হাসপাতালের কর্মী এবং ফিজিওথেরাপিস্টদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
নিজের পোস্টে জোজো জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দীর্ঘদিন তাঁকে ব্যথানাশক ওষুধের উপর নির্ভর করতে হয়েছে। এই কঠিন সময়ে যাঁরা শারীরিক ও মানসিকভাবে তাঁর পাশে ছিলেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন শিল্পী। হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সেবাকর্মী, প্রত্যেকের যত্ন ও সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।
তবে এই সময়টা মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন জোজো। অস্ত্রোপচারের আগে এবং পরে তিনি ভীষণ ভয় পেয়েছিলেন বলেও স্বীকার করেছেন। তবু নিজের মেয়ে বাজোর জন্য মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করেছেন। শিল্পীর কথায়, এই কঠিন সময়ে তাঁর মেয়ে সবসময় পাশে থেকেছে এবং এক মুহূর্তের জন্যও তাঁকে একা অনুভব করতে দেয়নি।
আরও পড়ুনঃ ‘৮০ লক্ষ টাকা আর পুজোর চাদা না দিলে মিলবে না পারমিশন!’ ‘টাকা দাও নয়তো রাজনৈতিক মঞ্চে এসো!’ ‘ফোনটা জমা রেখে কিন্তু আমাকে গিয়ে কথা বলতে হয়েছে’, টলিউডের ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে মুখ খুললেন অস্মিতা!
পোস্টের শেষে মেয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জোজো। তিনি জানান, অস্ত্রোপচারের পর বাজো একজন মায়ের মতোই তাঁর যত্ন নিয়েছে। পাশাপাশি বাড়ির সহায়তাকারীরাও তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন। তাঁদের সবার জন্য শুভকামনা জানিয়ে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার আশাও প্রকাশ করেছেন গায়িকা।





