টলিপাড়ায় জোর গুঞ্জন, খুব শিগগিরই একই ওয়েব সিরিজে দেখা যেতে পারে অভিনেত্রী সোহিনী সরকার এবং রুকমা রায়কে। শোনা যাচ্ছে, পরিচালক অয়ন চক্রবর্তীর নতুন সিরিজ ‘স্পেশ্যাল ব্রাঞ্চ’-এর শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। যদিও এই সিরিজ বা অভিনয়শিল্পীদের নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সূত্রের খবর, জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জন্য তৈরি হচ্ছে এই নতুন সিরিজ। নাম থেকেই অনুমান করা যাচ্ছে, গল্পের মূল বিষয় অপরাধ, রহস্য এবং পুলিশি তদন্ত। শহরের বিভিন্ন জায়গায় নাকি ইতিমধ্যেই শুটিং চলছে। বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।
সোহিনী ও রুকমার পাশাপাশি এই সিরিজে ইন্দ্রাশিস রায়, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়-সহ আরও একাধিক পরিচিত অভিনেতাকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। বড় তারকাদের উপস্থিতির কারণে সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহও ক্রমশ বাড়ছে।
এর আগে রুকমা রায়কে একটি ক্রাইম থ্রিলার ধারাবাহিকে তদন্তকারী চরিত্রে দেখা গিয়েছিল। সেখানে রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের ধরার ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়। নতুন সিরিজেও তাঁকে একই ধরনের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলেই ইন্ডাস্ট্রির একাংশের ধারণা।
আরও পড়ুনঃ যখন বৃষ্টিতে সব নাজেহাল, তখন চায়ের গ্লাস হাতে প্রথম বর্ষা উপভোগ! বৃষ্টি ভেজা মহানগরীতে শাড়ির আঁচল উড়িয়ে বঙ্গ তনয়া মনামী ঘোষ!
অন্যদিকে, নতুন কাজের পাশাপাশি সোহিনী সরকারকে নিয়েও ব্যক্তিগত জীবনে নানা জল্পনা চলছে। তিনি মা হতে চলেছেন বলে সম্প্রতি খবর ছড়ালেও, অভিনেত্রী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। স্বামী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও, ব্যক্তিগত বিষয় নিয়ে দুজনেই নীরবতা বজায় রেখেছেন।





