স্টার জলসার পর্দায় খুব শিগগিরই শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’। বহুদিন পর এই মেগার মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী সুস্মিতা দে। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো দর্শকদের নজর কেড়েছে। চ্যানেল জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় সম্প্রচারিত হবে এই নতুন সিরিয়াল।
তবে সম্প্রচারের সময় ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। দর্শকদের একাংশের অভিযোগ, ‘তিলোত্তমা’র জন্য ‘লক্ষ্মী ঝাঁপি’র স্লট পরিবর্তন করা হয়েছে, অথচ তুলনামূলক কম টিআরপি পাওয়া সত্ত্বেও ‘ঘূর্ণি’ আগের সময়েই সম্প্রচারিত হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এবং চ্যানেলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন।
নেটিজেনদের দাবি, স্লট বণ্টনের ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়া উচিত সব ধারাবাহিককে। অনেকের মতে, ‘লক্ষ্মী ঝাঁপি’ এবং ‘বাবলি সুন্দরী’র মতো ধারাবাহিকের প্রতি সুবিচার করা হয়নি। এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে এখনও আলোচনা এবং মতভেদ চলছে।
স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হয়েছে ‘তিলোত্তমা’। এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে এক নারী চিকিৎসকের জীবন, সংগ্রাম এবং এক রহস্যময় ঘটনার চারপাশে। সিরিয়ালে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। তাঁর বিপরীতে রয়েছেন নবাগত সৌম্যদীপ দত্ত।
আরও পড়ুনঃ রথের দিন বড় ঘোষণা! ‘ডাক্তার কাকু’ হয়ে এবার পর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! প্রকাশ্যে পোস্টার! কবে মুক্তি পাচ্ছে? জানালেন প্রযোজক এনা সাহা!
প্রোমো অনুযায়ী, চিকিৎসাক্ষেত্রের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিয়ের রাতেই খুন হন এক তরুণী চিকিৎসক। সেই ঘটনার রহস্য উন্মোচন এবং ন্যায়বিচারের লড়াইকে কেন্দ্র করেই এগোবে ‘তিলোত্তমা’র গল্প। নতুন বিষয়বস্তু এবং রহস্যে ভরপুর এই ধারাবাহিক দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, সেটাই এখন দেখার।





