জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss) ঘর থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হলো ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়া প্রতিযোগী অনুষ্কা ঘোষকে। প্রি-দুর্গাপুজো উদযাপনের আনন্দ ও উত্তেজনার মধ্যেই সম্পন্ন হয় এই সপ্তাহের এলিমেকশন প্রক্রিয়া। শোয়ের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ পর্যন্ত দর্শকদের রায়ে খেলা থেকে ছিটকে গেলেন অনুষ্কা।
এবারের উইকে দর্শকদের ভোটের নিরিখে সবথেকে কম ভোট পেয়ে বটম টু-তে অর্থাৎ বিপদের মুখে ছিলেন ঝিলম গুপ্ত এবং অনুষ্কা ঘোষ। চূড়ান্ত পর্বে দর্শকদের রায়ের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয় যে কে এই ঘরে টিকে থাকবেন। শেষ পর্যন্ত দর্শকদের ভালোবাসায় ভর করে ‘বিগ বস বাংলা’-র অন্দরে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হন ঝিলম, আর অল্পদিনের সফর শেষ করেই বাড়ি ফিরতে হয় অনুষ্কাকে।
কয়েক সপ্তাহ আগেই ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিগ বসের ঘরে পা রেখেছিলেন অনুষ্কা। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যবহার, কৌশল এবং খেলার ধরন নিয়ে ঘরে ও বাইরে নানা প্রশ্ন উঠতে শুরু করে। দর্শকদের একটি বড় অংশ তাঁর আচার-আচরণ ও স্ট্র্যাটেজি সেভাবে পছন্দ না করায় তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনা, যার প্রভাব পড়েছিল সরাসরি সাপ্তাহিক ভোটেও।
ঘর থেকে বিদায় নেওয়ার মুহূর্তে নিজের প্রতিক্রিয়ায় অনুষ্কা জানান যে এত কম সময়ে এভাবে বাদ পড়ে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর দাবি, তিনি যখন ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরের ভেতরে প্রবেশ করেছিলেন, ততদিনে খেলার প্রায় অর্ধেক অংশই অতিক্রান্ত হয়ে গিয়েছিল। তাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পুরো ফর্মে আসার আগেই তাঁকে এভাবে মাঝপথে বেরিয়ে যেতে হলো।
আরও পড়ুনঃ হার মেনেও জিতলেন সোনামণি, দুর্নিবারের সিদ্ধান্তের পর বড় রদবদল! সব নাটকীয়তা পেরিয়ে ক্যাপ্টেনশিপের মুকুট নিরঞ্জনের মাথায়!
অনুষ্কার এই হঠাৎ বিদায়ে রিয়েলিটি শোয়ের অন্দরে সমীকরণ যে ফের বদলাবে, তা বলাই বাহুল্য। একদিকে যখন ঝিলম ভক্তদের সমর্থনে খেলায় টিকে থেকে নিজের জায়গা শক্ত করলেন, অন্যদিকে অনুষ্কার এই প্রস্থান আবারও প্রমাণ করল যে বিগ বসের ঘরে টিকে থাকতে হলে শুধুমাত্র আক্রমণাত্মক কৌশল নয়, দর্শকদের মন জয় করাও সমানভাবে জরুরি।





