কিছুদিন আগে বিগ বসের (Bigg Boss) পাউডার রুমের একটি সাধারণ দৃশ্য থেকেই মূলত গতকালের বিতর্কের সূত্রপাত। সেখানে জিতুকে মনমরা হয়ে একা সোফায় শুয়ে থাকতে দেখেন রাজভীর, আর সৃজলার মাইক রাখা থাকলেও তিনি তখন ভেতরে ছিলেন। পরবর্তীতে তনুশ্রী, সৌরভ, দুর্নিবার, রণিতা ও নিরঞ্জনের কাছে রাজভীর এই ঘটনাটিকে প্রেমঘটিত রঙ চড়িয়ে তুলে ধরেন। এমনকি গলার একটি দাগের প্রসঙ্গও তোলেন তিনি, যদিও তখনই পরিষ্কার হয়ে যায় যে সেটি কোনও লাভ বাইট নয়, বরং আঘাতের চিহ্ন।
নিরঞ্জনের কাছ থেকে এই আলোচনার কথা জানতে পেরে নিজের রাগ আর ধরে রাখতে পারেননি সৃজলা। ক্ষোভে ফেটে পড়ে তিনি রাজবীরকে কড়া ভাষায় জবাব দেন এবং সবাইকে নিজের মাপকাঠিতে না মাপার হুঁশিয়ারি দেন। কথার লড়াইয়ে মেজাজ হারিয়ে সৃজলা এমনকী মা’রধরের প্রসঙ্গও তোলেন, পাশাপাশি রাজবীরের অনুভূতি ও কথাবার্তার ধরন নিয়ে প্রশ্ন তোলেন। ঘরের সদস্যদের বিশ্বাসযোগ্যতা নিয়েও চরম অসন্তোষ প্রকাশ করে সৃজলা স্পষ্ট করে দেন যে এই পরিস্থিতিতে কারও কথা সহজে মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে জিতু শেষমেশ নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিগ বসের সঙ্গে কথা বলার জেদে কাঁচের গায়ে প্রবল ধাক্কা মারলে কাঁচ ভেঙে যায় এবং জিতুর হাত কেটে র’ক্তপাত শুরু হয়। এরপর বিগ বস তাকে কনফেশন রুমে ডেকে নেন, যেখানে জিতু কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে চিকিৎসক এসে জিতুর ব্লাড প্রেশার পরীক্ষা করেন এবং কাটা জায়গায় মলম লাগিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
কনফেশন রুমে বসে নিজের ভাবমূর্তি ও ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তার কথা জানান জিতু। তিনি স্পষ্ট বলেন যে এমন একটি ইমেজ নিয়ে তার পক্ষে কলকাতায় ফিরে যাওয়া কিংবা বাইরে মুখ দেখানো সম্ভব নয়। বাইরে তার একটি শিশুদের সংস্থা রয়েছে এবং সেই বাচ্চাদের দায়িত্ব তার ওপর এই অবস্থায় তাদের সামনে দাঁড়াতে পারবেন না বলে আক্ষেপ করেন তিনি। প্রয়োজনে নিজের পারিশ্রমিক কেটে নেওয়ার কথা বলেও বেরিয়ে যাওয়ার অনুরোধ করেন জিতু, তবে বিগ বস জানিয়ে দেন যে ঘরের সম্পর্কগুলোর দায়ভার তার নিজেরই এবং খেলাটা তাকে চালিয়ে যেতে হবে।
আরও পড়ুনঃ টিকিট টু ফিনালের প্রথম পর্বে ধাক্কা, বাদ রাজবীর-দুর্নিবার-নিরঞ্জন! ভাগ্যের জোরে সরাসরি ফাইনালে পৌঁছে গেল জিতু-সৃজলা!
এই নাটকীয়তার মধ্যেই শুরু হয় টিকিট টু ফিনালে যাওয়ার দ্বিতীয় পর্ব, যেখানে শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে থাকেন জিতু ও সৌরভ। খেলার শেষে কে সরাসরি ফাইনালে জায়গা করে নেন, তা জানার কৌতূহল তুঙ্গে। এরই মধ্যে সব তর্ক-বিতর্ক ও মনোমালিন্য ভুলে সৃজলাকে ফের ‘আই লাভ ইউ’ বলে প্রপোজ করেন জিতু। সৃজলা নিজের অবস্থান সরাসরি জানিয়ে দিলেও এই টানাপোড়েনের সম্পর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।





