২০ ফুট উঁচু থেকে নিমেষে সব শেষ, মাত্র ৩২ বছর বয়সেই মর্মান্তিক মৃ’ত্যু! রিয়্যালিটি শোয়ের সেটে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন টেকনিশিয়ান যুবক চন্দ্রকান্ত সোইন!

টলিউড (Tollywood) জুড়ে এখন শুধুই মন খারাপের মেঘ, যা আরও ঘনীভূত হয়েছে শুক্রবার সন্ধ্যায় শুটিং সেটে এক মর্মান্তিক দুর্ঘটনার পর। আলোর রোশনাইয়ের আড়ালে থাকা পর্দার নেপথ্যের মানুষগুলোর জীবন যে কতটা ঝুঁকিপূর্ণ, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। কাজ করতে গিয়ে অকালে প্রাণ হারালেন ৩২ বছরের টেকনিশিয়ান চন্দ্রকান্ত সোইন। মর্মান্তিক এই ঘটনার পর চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফে মৃ’তের পরিবারের হাতে মোট ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। হরিদেবপুর থানা এলাকার জোকা নারায়ণী স্টুডিওতে একটি রিয়্যালিটি শোয়ের শেড তৈরির কাজ চলছিল তখন। ওড়িশার কোণার্কের বাসিন্দা চন্দ্রকান্ত আর্ট সেটিং বিভাগে কাজ করতেন। সেদিন সিঁড়ি লাগিয়ে প্রায় ২০ ফুট উঁচুতে উঠে একটি ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকাই বিদ্যুতের শক লেগে নিচে পড়ে যান ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃ’ত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের পর সন্ধ্যায় তাঁর দেহ টেকনিশিয়ান স্টুডিওতে আনা হয়, যেখানে সহকর্মীরা চোখের জলে প্রিয় বন্ধুকে শেষ বিদায় জানান। এরপর ওড়িশার কোণার্ক থেকে পরিবারের লোকেরা কলকাতায় এসে দেহ নিয়ে যান, সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। চ্যানেল এবং প্রযোজক-পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় সম্মিলিতভাবে চন্দ্রকান্তর পরিবারকে এই ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা করেছেন।

অভিনেতা ও বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ সোশাল মিডিয়ায় এই মর্মান্তিক খবরটি সামনে এনেছেন। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার মুহূর্ত থেকে শেষ বিদায় পর্যন্ত আর্ট সেটিং বিভাগের সংগ্রাম কর্মকার-সহ বাকি টেকনিশিয়ানরা যেভাবে পাশে থেকে বন্ধুকে আগলে রেখেছিলেন, সেই অটুট একতাকে তিনি কুর্নিশ জানান। একইসঙ্গে নিজেদের দায়িত্ববোধের জন্য ফেডারেশন এবং প্রয়োজনীয় আইনি সাহায্যের জন্য হরিদেবপুর থানা, ঠাকুরপুকুর থানা ও বিধায়ক শংকর শিকদারকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রুদ্রনীল।

শুধু আর্থিক ক্ষতিপূরণ দিলেই যে সমস্যার স্থায়ী সমাধান হয় না, সে কথাও স্পষ্ট করেছেন রুদ্রনীল ঘোষ। শুটিং চলাকালীন সেফটি সিকিউরিটি নিয়ে সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি লেখেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর শুটিং চলাকালীন সেফটি সিকিউরিটি নিয়ে কয়েক মাস আগেই উদ্যোগী হয়েছেন, ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মানুষদের মতামত নিয়েছেন, নিয়ম গড়ছেন।”

পাশাপাশি রুদ্রনীল আরও জানান, আগামী ডিসেম্বরে ফেডারেশনের নতুন কমিটি গঠিত হলেই টেকনিশিয়ানরা প্রযোজক ও শিল্পীদের সঙ্গে আলোচনার টেবিলে বসে স্থায়ী নিয়ম তৈরির পথে হাঁটবেন এবং সে বিষয়ে সরকারকে অবহিত করবেন। এই প্রস্তাবিত নিয়মের আওতায় থাকবে বিমা, ঝুঁকিপূর্ণ কাজে বাড়তি সুরক্ষা, নিরাপত্তার স্বার্থে আলাদা বাজেট বরাদ্দ এবং নিজেদের তৈরি নিয়ম যথাযথভাবে মেনে চলার বিষয়টি। তাঁর কথায়, দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটতে পারে, কিন্তু সঠিক সচেতনতা ও সতর্কতাই শেষ পর্যন্ত প্রাণ বাঁচিয়ে দেয়। সবার প্রাণই সমান দামি এই বার্তা দেওয়ার পাশাপাশি প্রয়াত চন্দ্রকান্তর আত্মার শান্তিও কামনা করেছেন তিনি।