বিগ বস বাংলার (Bigg Boss) ঘরে শুরু হলো টিকিট টু ফিনালের হাড্ডাহাড্ডি লড়াই। এই পর্বে মুখোমুখি হন সৌরভ এবং জিতু। খেলার নিয়ম অনুযায়ী, একটি রিকশার মধ্যে দুজনকে একসঙ্গে বসে থাকতে হবে এবং শেষ পর্যন্ত যিনি রিকশায় টিকে থাকবেন, তিনিই সরাসরি ফাইনালে পৌঁছে যাবেন। নিয়ম স্পষ্ট ছিল যে ঘরের কোনো সদস্য কাউকে টেনে-হিঁচড়ে বা ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলতে পারবেন না, তবে প্রতিযোগীদের রিকশা থেকে নামানোর জন্য নানা কৌশল বা বিব্রতকর পরিস্থিতি তৈরি করার সুযোগ ছিল। সেই মতো ঘরের বাকি সদস্যরা বরফ, লঙ্কার ঝাঁজসহ নানাভাবে সৌরভ ও জিতুকে চাপে ফেলার ও বিব্রত করার চেষ্টা চালিয়ে যান।
কিন্তু চরম উত্তেজনার মুহূর্তে খেলার নিয়ম ভেঙে শেষ পর্যন্ত জিতু সৌরভকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। সৌরভ নিজেকে সামলাতে ও রিকশা থেকে পড়ে যাওয়া আটকাতে আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শেষমেশ ভারসাম্য রাখতে না পেরে মাটিতে আছড়ে পড়েন। পড়ে যাওয়ার সময় সৌরভের হাত এতটাই কেটে যায় যে ক্ষতস্থান থেকে র’ক্তপাত শুরু হয়। সংক্রমণ বা ইনফেকশন এড়াতে ঘরের সদস্যরা দ্রুত ওষুধ ও অ্যান্টিসেপটিক নিয়ে সৌরভের কাছে ছুটে আসেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, কিন্তু এই চোট ও ঘটনার জেরে সৌরভ নিজের রাগ কিছুতেই ধরে রাখতে পারেননি।
এই ঘটনার পর ঘরের ভেতরে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা ও সমালোচনার ঝড়। রনিতা ক্ষোভ প্রকাশ করে বলেন যে, ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও জিতু কামালের ভেতরে একটা রা’ক্ষস লুকিয়ে আছে এবং আজ সেই রাক্ষসটাই বেরিয়ে এসেছে। অন্যদিকে নিরঞ্জন মন্তব্য করেন যে, দর্শক সবকিছু দেখছেন কে কেমন এবং জিতুর খেলার ধরন ঠিক কেমন, তা কারও অজানা নয়। বিপরীতে রাজবীর জানান যে ধাক্কা দিয়ে ফেলার কথা না থাকলেও, ফাইনালে যাওয়ার জন্য তিনি জিতুকে অভিনন্দন জানাচ্ছেন।
খানিক বাদে সৌরভ নিজেকে সামলে নিয়ে আবার ঘরের মূল স্রোতে ও খেলায় ফেরেন। তবে ততক্ষণে ঘরের বাকি সদস্যদের ক্ষোভ জিতুর ওপর গিয়ে পড়েছে এবং তারা জিতুকে নিয়ে যা খুশি তাই বলতে শুরু করেন। নাটকীয়তা, চোট-আঘাত আর তীব্র বিতর্কের মধ্য দিয়েই শেষ পর্যন্ত বিগ বস বাংলা তাদের প্রথম ফাইনালিস্টকে খুঁজে পেল।
আরও পড়ুনঃ পাউডার রুমের ঘটনা নিয়ে তুঙ্গে বিতর্ক! রাজবীরকে চরম হুঁশিয়ারি সৃজলার! টিকিট টু ফিনালেতে জিতু বনাম সৌরভ! জমজমাট বিগ বস!
জিতুর এই জয় ও ফাইনালের টিকিট পাওয়াকে কেন্দ্র করে এরপর ঘরের ভেতরে নতুন সমীকরণ তৈরি হয়। সৃজলা এবং রাজবীরকে জিতুর জয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। কিন্তু রাজবীর যে জিতুকে সমর্থন করছেন, বিষয়টি নজরে আসতেই ঘরের বাকি সদস্যরা রাজবীরকেও পাল্টা কথা শোনাতে শুরু করেন এবং তাকে ঘিরে শুরু হয় নতুন চর্চা ও আলোচনা।





