মাত্র এক মাসের ব্যবধানে রাজ্যে অরিজিৎ সিং-এর দ্বিতীয় কনসার্ট! মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেজিয়ামে সাজোসাজো রব অরিজিৎ সিং-এর কনসার্ট ঘিরে। এদিন ভোররাতে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে চেয়ে জিয়াগঞ্জ থেকে এনজিপি পৌঁছান গায়ক। মাটির মানুষ অরিজিৎ তাই, আম জনতার সঙ্গে ট্রেনে চেপে কনসার্ট ভেনুতে পৌঁছাতে একবিন্দুও বাঁধেনি তাঁর। এই কনসার্ট থেকে প্রাপ্ত অর্থের এক টাকাও নিজে নেবেন না অরিজিৎ, পুরো টাকাই যাবে দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায়।
নিউ জলপাইগুড়ি স্টেশনে রাত পৌনে তিনটের সময় তিস্তা-তোর্সা এক্সপ্রেস ঢুকতেই অরিজিৎকে দেখতে উপচে পড়ে ভিড়। ভিড় ঠেলে হোটেলে পৌঁছান গায়ক, তাঁর ঠোঁটের কোণার হাসি ছিল অটুট। জিয়াগঞ্জ থেকে প্রায় জনা তিরিশেক বন্ধুদের নিয়ে শিলিগুড়ি পৌঁছেছেন অরিজিৎ। আয়োজক তোচন ঘোষের কথায়, ‘অরিজিৎ ওদের সব জায়গাতেই নিয়ে যায়, মুম্বই হোক বা বাংলা। বন্ধুদের ভোলেনি ও’।
মাথায় নীল পাগড়ি, সঙ্গে নীল রঙা টি-শার্ট, সাদা প্যান্ট আর নীল-সাদা জ্যাকেটে এদিন গিটার হাতে মঞ্চে দেখা মিলল অরিজিতের। ১৪ হাজার দর্শকের উপস্থিতিতে একের পর এক হিট গান গেয়ে চলেছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। অভাবী শিশুদের জন্য হাসপাতাল গড়তে চান অরিজিৎ। এর আগে মুম্বইয়ের কনসার্ট মঞ্চ থেকে সে কথা বলেছিলেন তিনি।
এদিনের কনসার্ট থেকে প্রাপ্ত টাকার একটা পয়সাও নিজে নেবেন না অরিজিৎ, সবটাই যাবে দুঃস্থ শিশুদের হার্টের চিকিৎসায়, একথা জানিয়েছেন আনুষ্ঠানের আয়োজক। সূত্র মারফত জানা গিয়েছে শিলিগুড়ি কনসার্টের জন্য আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন অরিজিৎ, বর্তমানে দেশের সবচেয়ে হায়েস্ট পেইড শিল্পী অরিজিৎ সিং।
এদিন কনসার্টে সবার প্রিয় অরিজিতের কথায় আবেগপ্রবণ হয়ে পড়লেন দর্শকরা। তিনি বললেন “আমরা সবাই মাঠ থেকে বেরিয়ে যাওয়ার আগে এটা নিশ্চিত করব যেন মাঠটা ঠিক থাকে কারণ এই মাঠটা ভীষণ প্রয়োজন আর তার থেকেও বেশি প্রয়োজন একটা গভারমেন্ট স্কুল, একটা ইংলিশ মিডিয়াম গভারমেন্ট স্কুল”। তিনি আরো বলেন “সবাই বলে গ্রামের মানুষ নাকি বোকা হয় আসলে গ্রামের মানুষ বোকা হয় না ওদেরও বুদ্ধি আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কম বেশি একই রকমের বুদ্ধি রয়েছে, গ্রামের মানুষ শুধুমাত্র ঠিকভাবে কমিউনিকেট করতে পারেনা তারা ঠিক করে ইংলিশে কমেন্ট করতে পারেনা আর সেই জন্যই দরকার একটা স্কুল”। এদিন গরিব দুঃস্থদের জন্য তার চিন্তা তার দুঃখ তার সমবেদনা দেখে মুগ্ধ হলেন দর্শকরা।
ভিডিও সৌজন্যেঃ বাংলা NEWJ





