২০ বছর বয়সে আকাশ ছুঁয়েছেন। এত অল্প বয়সেই অভিনেত্রী অহনা দত্তের (Ahona Dutta) জনপ্রিয়তা তুঙ্গে। সৌজন্য? স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। এই ধারাবাহিকে মিশকার চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি তাঁর সঙ্গে মেকআপ আর্টিস্ট দীপঙ্কর ঘোষের সম্পর্কের দৌলতেও উঠে আসেন খবরের শিরোনামে।
অভিনেত্রীর মা চাঁদনী গাঙ্গুলীর দাবি বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন অহনা। সেই কারণেই মায়ের সঙ্গে সম্পর্কে অবনতি হয়েছে মেয়ের। ‘অনুরাগের ছোঁয়া’র রূপটান শিল্পী দীপঙ্কর ঘোষের প্রেমে পড়েছেন পর্দার মিশকা। এর আগে দু’বার বিয়ে করে বিচ্ছেদ হয়ে গিয়েছে দীপঙ্করের। এই মুহূর্তে লিভ ইন সম্পর্কে আছেন দুজন।
তবে অহনার মতে, তিনি ভালোই আছেন প্রেমিকের সঙ্গে। মাকে তিনি সম্মান করেন। এর বেশি সংবাদমাধ্যমকে কিছু বলার নেই তাঁর। অভিনেত্রী চান না তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে জন পরিসরে আলোচনা হোক। তাই তাঁর সঙ্গে মায়ের সম্পর্ক এখন কোন খাতে বইছে তা নিয়ে মুখ খুলতে নারাজ অভিনেত্রী।
তবে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া নিয়ে কটাক্ষের মুখে পড়লেও, সম্প্রতি অভিনেত্রীর গানের গলা শুনে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। একটি মাচা শোতে গান গাওয়ার ডাক পেয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত। এই শো’তেই গাইলেন আর ডি বর্মনের জনপ্রিয় গান ‘মনে পড়ে রুবি রায়’।
অহনার গানের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা স্বস্তিকা দত্তের গানের গলা এর আগে প্রশংসিত হয়েছে নানা মহলে। টেলি দুনিয়ার অভিনেতারা যেখানে গান গেয়ে হাসির পাত্র হন, সেখানে ‘অনুরাগের ছোঁয়া’র খলনায়িকার গান প্রশংসিত নেটমহলে।





