টলি ইন্ডাস্ট্রির ডিভা অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। দীর্ঘদিন ধরে পর্দায় একচ্ছত্র রাজত্ব চালিয়ে গিয়েছেন তিনি। শুধু টলিউড নয় মুম্বাইতেও দেদার কাজ করেছেন অভিনেত্রী। বড় পর্দার পাশাপাশি ইদানীং ওয়েব পর্দায় দেখা যাচ্ছে তাঁকে। পরিচালকদের দাবি, অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পারিশ্রমিক নাকি আকাশছোঁয়া। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে নাকি মাথায় হাত পড়েছে অনেকেরই। প্রসঙ্গ উল্লেখ করেই সম্প্রতি এক চমকে দেওয়ার মতো কথা বললেন স্বস্তিকা। স্বস্তিকা জানান একসময় তাঁর বাবাও তাঁকে বলেছিলেন, “ডাকাত নাকি তুই…।”
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফে একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন স্বস্তিকা। সেখানে তিনি একটি ঘটনার কথা তুলে ধরেন। অভিনেত্রী জানান, তাঁর বাবা তাঁকে ‘ডাকাত’ বলেছিলেন এক সময়। আর তার কারণটা বেশ মজার। এই বলে তিনি সেই ঘটনাটি তুলে ধরেন। স্বস্তিকা বলেন, একদিন তিনি ফোনে একটি কাজ সম্বন্ধীয় কথা বলছিলেন সে সময় তিনি লক্ষ্য করেন যে তাঁর বাবা তাঁকে চুপিসারে অনুসরণ করছেন।
স্বস্তিকা তাঁর বাবাকে ইশারা করেন যে ঘরে গিয়ে অপেক্ষা করো আমি আসছি। অথবা ফোন মিউট করে তাঁর বাবাকে বলেন, আমি কাজের কথা সেরে আসছি, তুমি ঘরে গিয়ে বোসো। অভিনেত্রীর বাবা এরপর তাঁকে বলেন, “তুই কত টাকা চাইলি? ডাকাত নাকি তুই!” তখন অভিনেত্রী তাঁর বাবাকে বলেন, এখন এটাই আমার পারিশ্রমিক, এখন এই টাকাতেই কাজ করি আমি। তবে স্বস্তিকার বাবা অবাক হয়ে বলেছিলেন, “এক ঘণ্টা তুই মুখ দেখাবি বলে এত টাকা দেবে?”
উত্তরে স্বস্তিকা বলেন, “হ্যাঁ বাবা দেবে, কারণ এটাই আমার পারিশ্রমিক।” তখন অভিনেত্রীর বাবা পাল্টা বলেছিলেন, “তোর মুখ এক ঘণ্টা দেখানো হবে বলে এত টাকা দেবে কেন? কে এমন তুই”। স্বস্তিকা বলেন, সেই দিনের ঘটনাটি আজও মনে আছে তাঁর। এরপরই তিনি উল্লেখ করেন তাঁর ছোটবেলার কথা। স্বস্তিকা বলেন, অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছেন তিনি। অনেক পরে নিজের যোগ্যতাতে ও পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা গড়ে তুলেছেন তিনি।
প্রসঙ্গত, তিনদিন আগেই নিজের বাবার জন্মদিনে একটি আবেগঘন পোস্ট লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পোস্টের শুরুতেই তিনি লিখেছেন,”যেখানেই থাকো পরের জন্মে আমার বাবা হয়েই এসো কিন্তু।” বেশ বোঝা যায় বাবা সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনও মনের কোঠায় রেখেছেন তিনি। সমস্ত মন খারাপ কাটিয়ে জীবনের নিজ ছন্দে তিনি এগিয়ে চলেছেন ঠিকই কিন্তু এখনও সেই পুরোনো স্মৃতিতে মাঝেমধ্যেই ডুবে যান স্বস্তিকা মুখার্জি।





