টেলিভিশনে কামব্যাক করতে চলেছেন ‘তুঁতে’ ধারাবাহিকের নায়ক! জানুন বিস্তারিত 

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। এই ধারাবাহিকটি বেশ কিছুদিনের মধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শক মহলে। কিন্তু জনপ্রিয়তায় এগিয়ে থাকা ধারাবাহিকটি কয়েকদিন আগেই তাড়াহুড়ো করে শেষ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই কারণে বেশ অসন্তুষ্ট অনুরাগীরা। বলাইবাহুল্য ধারাবাহিকের প্রধান চরিত্রদের ফিরতে দেখতে চাইছেন দর্শকেরা। এরইমধ্যে তাই সুখবর পেলেন ‘তুঁতে’ অনুরাগীরা। কারণ এই ধারাবাহিকের প্রধান চরিত্র ফিরছেন নতুন ভূমিকায়।

স্টার জলসার ‘তুঁতে’ ধারাবাহিকের লিড রোলে দেখা যায় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে। আর নায়কের ভূমিকায় ছিলেন অভিনেতা আরফিন রানা। প্রথম থেকেই রঙ্গন-তুঁতে তথা দীপান্বিতা-আরফিনের জুটি পছন্দ করতেন দর্শকেরা। কিন্তু ধারাবাহিকের গল্পানুসারে নায়ক রঙ্গনের মৃত্যু দেখানো হয় ‘তুঁতে’ ধারাবাহিকে। রঙ্গনের মৃত্যুর পর স্বাভাবিকভাবেই তাই মন ভাঙে তুঁতে অনুরাগীদের।

রঙ্গনের মৃত্যুর পর ধারাবাহিকের নতুন নায়ক রূপে আসেন আইপিএস সিদ্ধার্থ। আর এই ভূমিকায় অভিনয় করতে দেখা যায় টেলিপর্দার জনপ্রিয় নায়ক গৌরব মন্ডলকে। আইপিএস সিদ্ধার্থের চরিত্রে গৌরব মন্ডল নজর কাড়েন। অভিনেতাকে বিশেষ পছন্দ করেছেন ‘তুঁতে’ অনুরাগীরা। জানা যাচ্ছে, ধারাবাহিকটি শেষ হবার পর ফের নতুন একটি চরিত্রে ফিরতে চলেছেন গৌরব। এবার আধ্যাত্মিক ধারাবাহিকে দেখা যাবে তাঁকে।

জানা যাচ্ছে, টেলি অভিনেতা গৌরব মন্ডল এবার ফিরতে চলেছেন আসন্ন ধারাবাহিক ‘মঙ্গলময়ী মা শীতলা’-য়। এই ধারাবাহিকে মূলত জরাশুরের চরিত্রে অভিনয় করবেন তিনি। ছোট্ট মা শীতলার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তীকে। আর দেবী মহামায়ার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে। সুরিন্দর ফিল্মসের অধীনে আসছে এই আধ্যাত্মিক ধারাবাহিকটি।

টেলিভিশনের প্রধান চ্যানেল সান বাংলাতে আসছে ‘মঙ্গলময়ী মা শীতলা’ ধারাবাহিকটি। বর্তমানে আধ্যাত্মিক ধারাবাহিক রামপ্রসাদ টেলি পর্দায় যথেষ্ট জনপ্রিয়। তবে সান বাংলা নতুন বছরে আধ্যাত্মিক ধারাবাহিক আসার ঘোষণা করায় বিশেষ খুশি দর্শক মহল। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে প্রোমো। ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে টলিপাড়ার জনপ্রিয় কলাকুশলীদের।