টেলিপর্দার অত্যন্ত পরিচিত মুখ অভিনেত্রী তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মাধ্যমে তাঁর অভিনয় কেরিয়ার শুরু। অল্প সময়েই দর্শকদের মন জয় করে নেন তিয়াসা। ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনেতা নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘কৃষ্ণকলির’ পর দ্বিতীয় ধারাবাহিক হিসেবে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে দেখা যায় তাঁকে। চরিত্রের নাম ছিল ইন্দিরা।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকটি শেষ হতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন তিয়াসা। জড়িয়ে পড়েন নতুন সম্পর্কে। অভিনেতা প্রযোজক সোহেল দত্তর সঙ্গে তিয়াসা সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যায়। কিন্তু সেই সম্পর্কের মেয়াদ বেশী দিন গড়ায়নি। সম্প্রতি সোহেলের সঙ্গেও তিয়াসার বিচ্ছেদ হয়েছে বলে টলিপাড়ার খবর। যদিও দুই পক্ষ বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে সোহেল-তিয়াসা।
এদিকে তিয়াসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটিও শেষ হয়েছে সম্প্রতি। অবসরে নিজেকে ভেঙেগড়ে তৈরি করছিলেন বলে জানান তিয়াসা। নতুন কিছু আসতে চলেছে বলেও জানান তিনি। কিন্তু তা যে এমন চমক হবে সে বিষয়ে আগে ঘুনাক্ষরেও জানা যায়নি। তিয়াসার এমন রানি, রুদ্রমুর্তি দেখে কার্যত অবাক তাঁর অনুরাগী মহল।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রামপ্রসাদে’ কামব্যাক করতে চলেছেন তিয়াসা। আসন্ন পর্বে বেশ ভারী একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। হাতে তলোয়ার ও রানি বেশে এই প্রথম প্রকাশ্যে এলেন অভিনেত্রী। তিয়াসার চরিত্রের নাম রানি ভবানী।
চ্যানেলের তরফে প্রকাশিত নতুন প্রোমোতে ধরা দিলেন তিয়াসা। নতুন রূপে অভিনেত্রীকে দেখে খুশি তাঁর অনুরাগীরা।
প্রোমোতে দেখা যাচ্ছে, রামপ্রসাদকে ধরে এনেছে রানি ভবানী। এই নাকি তাঁর শেষ দিন। রামপ্রসাদ জিজ্ঞাস করে, রুদ্রমুর্তি নারীর পরিচয় কী? উত্তরে রানি ভবানী নিজের পরিচয় দেন। রামপ্রসাদের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী আগেই দর্শকমন জয় করেছেন। এবার রানি ভবানীর চরিত্রে তিয়াসা কতটা নজর কাড়তে পারেন, তা দেখতেই স্টার জলসায় চোখ রাখবেন অভিনেত্রীর অনুগামীরা।





