কয়েকদিন আগে সকলকে চমকে দিয়ে প্রকাশ্যে এসেছিল নয়া প্রোমো (Promo)। যে প্রোমো দেখে ধারাবাহিক প্রেমীদের চোখ মাথায় ওঠার জোগাড়। যোগমায়ার (Jogomaya) পর জি বাংলায় (Zee Bangla) আসছে নতুন ধারাবাহিক। টেলিজগতের পরিচিত মুখ কৌশিক মুখার্জী (Koushik Mukherjee) থাকতে চলেছেন ধারাবাহিকের খলনায়কের চরিত্রে। তাঁর চরিত্রটি অর্ধনারীর। লাল শাড়ি, লাল টিপ পড়ে কৌশিকের নাচ দেখে শিহরিত হয়েছিলেন দর্শকরা।
নতুন ধারাবাহিক আসার খবরে দর্শকদের উৎসাহ সপ্তমে। দিনকয়েক আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। ধারাবাহিকের গল্প মাইথোলজি নির্ভর। তবে শুধু একটা নয়। ফের জি-এর পর্দায় অর্গ্যানিক স্টুডিও আনছে আরেকটি মাইথোলজি নির্ভর ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধামাকাদার প্রোমো। ধারাবাহিকের নাম ‘অষ্টমী’।
অষ্টমী-এ নায়ক নায়িকার ভূমিকায় দেখা মিলবে টেলিজগতের পরিচিত মুখ সপ্তর্ষি মৌলিক ও ঋতব্রতা দে-এর। ঋতব্রতাকে এর আগে দর্শক দেখেছে নায়িকা নম্বর ১-এ। আর সপ্তর্ষি জনপ্রিয়তা আলাদা করে উল্লেখ্য করার নিশ্চপ্রয়োজন। শীতলা অষ্টমীর পুণ্য লগ্নে প্রকাশ্যে এসেছিল ২০ সেকেন্ডের প্রোমো।
তবে নতুন ধারাবাহিকের আগমন মানে পুরোনো ধারাবাহিকের ঝাঁপ বন্ধের জোগাড়। ইতিমধ্যেই ইচ্ছে পুতুলের স্লট পূরণ করতে এসেছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। বাংলা ধারাবাহিকের দর্শকদের তাই মাথায় হাত। তাদের প্ৰিয় ধারাবাহিক পড়বে নাতো চ্যানেলের ভ্রূকুটিতে? অষ্টমীর আগমনে বিদায়ঘণ্টা বাজল কোন ধারাবাহিকের?
স্টুডিও সূত্রের খবর বলছে, জনপ্রিয়তার নিরিখের এবার বিদায় ঘণ্টা বাজার পালা ‘ফুলকি’র। ফুলকি ধারাবাহিকের গল্প এবার প্রায় শেষের মুখে। অনেকদিন ধরেই ফুলকি শেষ হয়ে যাওয়ার খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। তবে অষ্টমীকে জায়গা দিতে নাকি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। তবে ফুলকি বন্ধ হয়ে গেলেও রাত দশটার স্লটে আসবে না নতুন ধারাবাহিক। টিআরপি কম কোনো ধারাবাহিক চলে যাবে রাত দশটার স্লটে। আর সন্ধ্যেবেলার স্লটে আসবে জি বাংলার নয়া নিবেদন।





