জি বাংলায় (Zee Bangla) আসছে অর্গ্যানিক স্টুডিয়োর নয়া ধারাবাহিক ‘পুবের ময়না’ (Puber Moyna)। ওপার বাংলার প্রাণবন্ত দামাল মেয়ে ময়না। ওপার বাংলা মানে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে সে। নতুন দেশ, নতুন ঘর। ময়না কি ঘর-পরিবার ফের ফিরে পাবে এদেশে এসে? জি বাংলায় আসছে ময়নার ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম প্রোমো।
প্রকাশ্যে পুবের ময়না ধারাবাহিকের প্রথম প্রচার ঝলক
পুবের ময়না প্রথম প্রোমো প্রকাশ্যে আসতেই, সাড়া জাগিয়েছে নেটদুনিয়ায়। দেখা যাচ্ছে, লগ্নভ্রষ্ট হয়েছে বাড়ির ছেলে। হাহাকার ভরা বুক নিয়ে বাড়ি ফিরে এসেছে সে। নায়কের পরিবার যৌথ। এখানে নানা মুনির নানা মত। কেউ দুষছেন নায়কের মাকে। কেউবা দুষছেন ময়নাকে। গেরস্ত বাড়িতে শায়না মেয়ের জন্যই নাকি বিয়ে ভেঙেছে নায়কের। তড়িঘড়ি সম্মান বাঁচাতে নায়কের মা ময়নাকে বলে তার ছেলেকে বিয়ে করতে।
উপায় না দেখে আশ্রিতা ময়নার বিয়ে হয়ে যায় নায়কের সঙ্গে। মায়ের সম্মান বাঁচাতে বিয়ের জন্য রাজিও হয়ে যায় ছেলে। তবে বৌভাতের দিন সাফ জানিয়ে দেয় তার ও ময়নার মধ্যে স্বামী-স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠতে পারে না। তখন ময়না জানায়, এই প্রথম সে বিয়ের পিঁড়িতে বসছে না। রেগে যায় নায়ক! এত বড় সত্যি কথাটা লুকিয়েছে ময়না!
তখনই ময়না বলে, প্রাণের থেকে সম্মানটা কি আগে? বিয়ের পিঁড়িতে বসাটা কি বেশি জরুরি? ওপার বাংলায় কী হয়েছিল ময়নার সঙ্গে? কেন ওপার বাংলা থেকে পালিয়ে এসে নায়কের বাড়িতে আশ্রিতা হয়েছিল সে? এই নিয়ে এগিয়ে চলবে ধারাবাহিকের প্লট।
স্টুডিয়োপাড়া সূত্রে খবর, সম্ভবত ২৪শে জুন থেকে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের। সন্ধ্যা ছটার স্লটে আসছে নয়া মেগা। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন, টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় নায়ক গৌরব রায় চৌধুরী। তাঁর বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন ঐশানী দে।





