শিবরাত্রির পবিত্র সকালে বড়সড় বিপদের মুখে পড়েও অল্পের জন্য রক্ষা পেলেন বাংলা বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ। রবিবার সকালে হঠাৎ আগুন লাগে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিয়োর পাশের একটি বহুতল আবাসনে। খবর অনুযায়ী, পঞ্চম তলা থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে উপরের দিকে। ওই আবাসনের বাসিন্দাদের মধ্যে ছিলেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং শুভ্রজিৎ মিত্র সহ একাধিক পরিচিত ব্যক্তিত্ব। আগুনের খবর পেয়ে তাঁরা দ্রুত অন্যান্য বাসিন্দাদের সঙ্গে নিরাপদ স্থানে নেমে আসেন। পরে আনন্দবাজার ডটকমকে নুসরত জানান, দমকলের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সবাই নিরাপদেই আছেন।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে পরে বিস্তারিত জানান শুভ্রজিৎ মিত্র। তাঁর বক্তব্য অনুযায়ী, পঞ্চম তলার এক বাসিন্দার বাড়ির ঠাকুরঘরে শিবরাত্রির পুজো হচ্ছিল। সেখানে প্রদীপ জ্বালিয়ে আরতি করার পর সেটি সম্পূর্ণ নেভানো হয়নি। এরপর বাসিন্দারা আবাসনের মন্দিরে পুজো দিতে নীচে নেমে গেলে ফাঁকা ঘরেই সম্ভবত সেই প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবনের বড় অংশ। আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে।
যে তলায় আগুন লাগে, তার ঠিক উপরের তলাতেই ছিল যশ ও নুসরতের ফ্ল্যাট। পরিস্থিতি বুঝে তাঁরা দুই শিশুসন্তানকে নিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে আসেন। অন্যদিকে, ১৮ তলায় থাকা শুভ্রজিৎ জানান, তাঁর অসুস্থ মাকে নিয়ে নামতে কিছুটা সময় লেগেছিল। লিফট বন্ধ থাকায় সিঁড়িই ছিল একমাত্র ভরসা। ততক্ষণে আবাসনের বহু বাসিন্দা আতঙ্কে দৌড়ে নীচে নামছিলেন। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এদিকে জানা গেছে, ওই আবাসনের তিনটি ফ্ল্যাট রয়েছে প্রাক্তন রাজনীতিবিদ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়র নামে। তাদের একটি ফ্ল্যাটে বেশ কয়েকটি সারমেয় রাখা ছিল। আগুন লাগার পর শুধু বাসিন্দাদেরই নয়, ওই প্রাণীগুলিকেও দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুনঃ ‘একসাথে আছি প্রমাণ করতে বারবার ছবি লাগে না’—কাদের বিঁধলেন সম্রাট মুখার্জি? ২৩ বছরের দাম্পত্যের রহস্য ফাঁস!
এই ঘটনায় প্রাণহানির খবর না থাকলেও ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনজুড়ে। শিবরাত্রির মতো পবিত্র দিনে এমন দুর্ঘটনা সকলকেই নাড়িয়ে দিয়েছে। তবে দ্রুত উদ্ধার এবং দমকলের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে, সেটাই স্বস্তির। তারকারাও জানিয়েছেন, সময়মতো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত। ঘটনার পর থেকেই আবাসনে নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।





