অল্প বয়সেই বাংলা টেলিভিশন জগতে নিজের পরিচিতি তৈরি করেছেন অভিনেত্রী অহনা দত্ত। নাচের মঞ্চ থেকে যাত্রা শুরু করে পরে অভিনয়ে আসেন তিনি। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। অভিনয়ের পাশাপাশি মাতৃত্ব এবং সংসারের দায়িত্বও সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার ছিল অহনার জন্মদিন। বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দেন সহকর্মীরা। অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় অহনার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে তাঁর আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা এবং দায়িত্বশীলতার প্রশংসা করেন। একই সঙ্গে তাঁকে একজন যত্নশীল মা এবং দক্ষ অভিনেত্রী বলেও উল্লেখ করেন। অভিনেত্রী মানসী সেনগুপ্তও জন্মদিনে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছাবার্তা পোস্ট করেন।
মেয়ে মীরার জন্মের মাত্র চার মাস পরেই কাজে ফিরেছিলেন অহনা। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও মেয়ের যত্নে কোনও খামতি রাখতে চান না তিনি। পরিবারের সদস্যদের সহায়তায় কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখছেন অভিনেত্রী। শুটিং থেকে সময় পেলেই তিনি মেয়ের কাছে ফিরে যান এবং পরিবারের সঙ্গে সময় কাটান।
অহনার স্বামী দীপঙ্কর রায় টলিপাড়ার পরিচিত মেকআপ আর্টিস্ট। তাঁদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মীরা। জানা যায়, দীপঙ্করের মায়ের স্মৃতিকে সম্মান জানাতেই এই নাম বেছে নিয়েছেন তাঁরা। সন্তানের জন্মের পর থেকে পরিবারই তাঁদের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে এবং সন্তানকে বড় করে তোলার দায়িত্বেও সক্রিয়ভাবে পাশে রয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ টিআরপি তালিকায় বাজিমাত ‘জোয়ার ভাঁটা’র! প্রথম পাঁচে জায়গা করে নিল কোন কোন ধারাবাহিক? দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা!
অহনা ও দীপঙ্করের সম্পর্ক নিয়ে একসময় পরিবারে মতভেদ তৈরি হয়েছিল। বয়সের পার্থক্য এবং অন্যান্য কারণে সেই সম্পর্ক মেনে নিতে পারেননি অহনার মা। এরপর আলাদা ভাবে জীবন শুরু করেন অহনা ও দীপঙ্কর। যদিও বর্তমানে শ্বশুরবাড়ির সদস্যরাই তাঁদের পাশে রয়েছেন, তবু মা ও মেয়ের দূরত্ব এখনও পুরোপুরি মেটেনি। এমনকি পরিবারের নতুন সদস্য মীরার সঙ্গেও এখনও দেখা হয়নি অহনার মায়ের।





