সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের নাম বা ছবি ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলার ঘটনা নতুন নয়। এর আগেও টলিউডের একাধিক অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকের নামে নকল প্রোফাইল তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার সেই সমস্যার মুখে পড়লেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী, যিনি দর্শকদের কাছে একেনবাবু চরিত্রের জন্য বিশেষভাবে পরিচিত।
সম্প্রতি ফেসবুকে তাঁর অভিনীত চরিত্রের ছবি ব্যবহার করে একটি ভুয়ো প্রোফাইল তৈরি করা হয়েছে। ওই অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক মিম এবং বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ। প্রথমদিকে বিষয়টি অভিনেতার নজরে না এলেও গত বৃহস্পতিবার পরিচিতদের মাধ্যমে তিনি পুরো ঘটনাটি জানতে পারেন।
ঘটনা সামনে আসতেই নিজের অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে সতর্কবার্তা দেন অনির্বাণ। তিনি জানান, তাঁর একমাত্র অফিসিয়াল প্রোফাইল সেটিই এবং তাঁর নাম বা তাঁর অভিনীত কোনও চরিত্রের নামে থাকা অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে তিনি অনুরাগীদেরও সচেতন থাকার আবেদন জানিয়েছেন।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে পরিচিত কয়েকজন তাঁকে ওই প্রোফাইলের লিঙ্ক পাঠিয়ে জানতে চান সেটি তাঁর কি না। তখনই বিষয়টি তাঁর নজরে আসে। অনির্বাণ বলেন, সেখানে তাঁর নাম ব্যবহার না করা হলেও তাঁর ছবি ব্যবহার করে রাজনৈতিক পোস্ট করা হচ্ছে, যা উদ্বেগের বিষয়।
আরও পড়ুনঃ ‘এত জনকে নিয়ে প্লেন চালায় কি করে?’ বাতিল হোক পাসপোর্ট! আদালত থেকে সাংবাদিক বৈঠক! স্বামী প্রবাহর বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব দেবলীনা নন্দী!
ইতিমধ্যেই ওই প্রোফাইলটি রিপোর্ট করেছেন অভিনেতা। তবে প্রোফাইল থেকে এমন কোনও পোস্ট করা হয়নি যা সরাসরি নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে, তাই অন্য কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। এর মধ্যেই অনির্বাণ সবাইকে সতর্ক করে জানিয়েছেন, তাঁর ছবি বা চরিত্র ব্যবহার করা অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।





