‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’তে বড় মোড়; ইন্দিরার বিরুদ্ধে রুখে দাঁড়াল স্নেহা! দর্শকদের জন্য অপেক্ষা করছে আরও চমক!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র গল্পে আসতে চলেছে নতুন চমক। সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যায়, স্নেহা একটি গুরুত্বপূর্ণ দলিল খুঁজে পায়। সেই নথিতে দেখা যায়, বাড়ি থেকে হোটেল পর্যন্ত সমস্ত সম্পত্তি ইন্দিরার নামে রয়েছে। বিষয়টি জানার পর স্নেহা প্রথমে নিজের মাকেই ভুল বোঝে এবং এত বড় সিদ্ধান্ত কেন পরিবারের কাউকে না জানিয়ে নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলে।

মায়ের বিরুদ্ধে এমন অভিযোগ শুনে চুপ থাকতে পারেনি বড় বোন স্বাতী। সে জানায়, ওই দলিল তাদের বাবা নিজেই ইন্দিরাকে দিয়েছিলেন। এই সত্য জানার পর স্নেহার রাগ আরও বেড়ে যায়। এরপর দুই বোনকে সঙ্গে নিয়ে সে সরাসরি ইন্দিরার বাড়িতে গিয়ে সবকিছুর জবাব চায়।

ইন্দিরা তাঁদের ভয় দেখানোর চেষ্টা করলে স্নেহাও দৃঢ়ভাবে পাল্টা জবাব দেয়। সে জানিয়ে দেয়, তিন বোন একসঙ্গে থাকলে তাদের হারানো সহজ নয়। পাশাপাশি ইন্দিরার সমস্ত ষড়যন্ত্র সবার সামনে প্রকাশ করার হুঁশিয়ারিও দেয়। এই ঘটনার পর দুই পক্ষের সংঘাত কোন দিকে গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে, ধারাবাহিকের আগের পর্বে দেখা গিয়েছিল, রাজার মা দুর্গাবতী শর্মির সঙ্গে রাজার বিয়ের আশীর্বাদ করেন। কিন্তু রাজা মনে মনে ভালোবাসে স্নেহাকে। নিজের মনের কথা জানাতে সে কালী মন্দিরে যায়। একই সময়ে সেখানে উপস্থিত হয় অন্নপূর্ণা এবং রাজার হাতে একটি আশীর্বাদী শাড়ি তুলে দেন।

মন্দিরে ঢুকে রাজা দেখতে পায়, স্নেহাও সেখানে রয়েছে। ঠিক সেই সময় প্রবল হাওয়ায় আশীর্বাদী শাড়িটি উড়ে গিয়ে রাজা ও স্নেহার মাথার ওপর এসে পড়ে। এই ঘটনাকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। ঈশ্বরের আশীর্বাদে কি শেষ পর্যন্ত এক হবে রাজা ও স্নেহা, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনও মোড়, সেটাই জানা যাবে আগামী পর্বে।