সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অর্জুনের নতুন ছবি ‘বিবি পায়রা’। বড় পর্দায় ছবিটি ভালো সাড়া ফেলেছে এবং দর্শকদের মধ্যেও আলোচনা চলছে জোরকদমে। এই ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীর খারাপের সময়েই আবেগঘন একটি পোস্ট করেন পরিচালক।
অর্জুন জানান, অসুস্থ অবস্থায় সবচেয়ে বেশি মনে পড়ছে তাঁর মায়ের কথা। বাবা পাশে থাকলেও মায়ের অনুপস্থিতি যেন আরও বেশি অনুভব করছেন তিনি। অন্য সবার মতো মা সবসময় কাছে থাকতেন না, তবুও তাঁর অভাব প্রতিটি মুহূর্তে কষ্ট দেয় বলে লেখেন পরিচালক।
সোশ্যাল মিডিয়ায় নিজের একটি বড় আক্ষেপও ভাগ করে নিয়েছেন তিনি। অর্জুন লেখেন, সিনেমার জন্য অসংখ্য দৃশ্য শুট করলেও নিজের মায়ের একটি ছোট ভিডিও পর্যন্ত তিনি তুলে রাখেননি। আজ সেই ভুলের জন্য নিজেকেই দোষ দিচ্ছেন তিনি।
পরিচালকের কথায়, যদি মাত্র কয়েক মিনিটের একটি ভিডিও থাকত, তাহলে বারবার দেখে মন ভরাতে পারতেন। মায়ের কণ্ঠস্বরও শুনতে পেতেন। ভিডিও না থাকলেও মায়ের স্মৃতিচিহ্ন হিসেবে একটি ছবি শেয়ার করেছেন তিনি, যেখানে দেখা যায় মায়ের খোলা চুলে গোঁজা একটি ফুল।
আরও পড়ুনঃ ‘জি লে জারা’ নিয়ে অবশেষে মুখ খুললেন ফারহান! ছবির ভবিষ্যৎ ঘিরে বড় ঘোষণা!
এই ছবিটুকুই এখন তাঁর কাছে বড় সান্ত্বনা বলে জানিয়েছেন অর্জুন। উল্লেখ্য, ‘ডিপ ফ্রিজ’, ‘বিবি পায়রা’, ‘শ্রীমতি’, ‘গুলদস্তা’ ও ‘অব্যক্ত’ সহ একাধিক ছবির পরিচালক তিনি। ভিন্নধর্মী গল্প ও উপস্থাপনার জন্য দর্শকদের কাছেও তাঁর আলাদা পরিচিতি রয়েছে।





