“সোনম-রঘুবংশীর ঘটনা নিয়ে ছবি করছেন আমির খান? বি-টাউনে জল্পনা তুঙ্গে!”

‘লাল সিং চড্ডা’র ব্যর্থতার পর বেশ কিছুটা সময় অন্তরালে ছিলেন আমির খান। অনেকেই ভেবেছিলেন হয়তো ইন্ডাস্ট্রি থেকে খানিকটা দূরেই সরে গেলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু সম্প্রতি ‘সিতারে জমিন পার’ ছবির সাফল্যে আবারও খবরে ফিরে এসেছেন তিনি। আর এখন শোনা যাচ্ছে, বাস্তবের এক ভয়ঙ্কর কাণ্ড নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন তিনি।

কোন ঘটনা জানেন? মেঘালয়ের সেই চাঞ্চল্যকর সোনম-রঘুবংশী কাণ্ড!

গত মে মাসে রাজা রঘুবংশী এবং তাঁর স্ত্রী সোনমের মধুচন্দ্রিমা ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। কিন্তু ২৩ মে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান দু’জন। পরে ২ জুন উদ্ধার হয় রাজার মৃতদেহ। তদন্তে জানা যায়, সোনম এবং তাঁর প্রেমিক মিলে ভাড়া খুনি দিয়ে খুন করিয়েছেন রাজাকে! সেই ঘটনায় গোটা দেশই কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিল।

এখন খবর, আমির খান নাকি এই পুরো ঘটনার ওপর ভিত্তি করে ছবি বানাতে আগ্রহী! বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, আমির এই কেসের খুঁটিনাটি ভালো করে খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, নিজের টিমকেও গবেষণার দায়িত্ব দিয়েছেন। ঘনিষ্ঠ মহলে নাকি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

তবে আমির এই ছবিতে অভিনয় করবেন, নাকি কেবল প্রযোজক হিসেবে থাকবেন — সেটা এখনও স্পষ্ট নয়। তবে খুব শীঘ্রই অভিনেতাদের নামও সামনে আসতে পারে বলে শোনা যাচ্ছে।

এখন প্রশ্ন উঠছে— বাস্তবের এই ভয়ঙ্কর প্রেম, প্রতারণা আর খুনের গল্প কি সিনেমার পর্দায় নতুন করে চমকে দেবে দর্শকদের? আমিরের হাতে পড়লে চমক তো থাকবেই!