বলিউডে অভিষেক বচ্চন-ঐশ্বর্য রাই বচ্চনের দাম্পত্য নিয়ে গুঞ্জন যেন থামতেই চায় না। কখনও সেটা অর্ধেক সত্য, কখনও আবার নিছক ভুয়ো। তবু বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় বচ্চন পরিবারের এই “অন্তর্দ্বন্দ্বের” খবরই। অনেক সময় বাইরের মানুষই আগুনে ঘি ঢালেন, আবার কখনও নিজে থেকেই অভিষেক বা ঐশ্বর্য এমন কিছু বলে ফেলেন যে সেটাই হয়ে ওঠে আলোচনার কেন্দ্র। এবার যেমন অভিষেকের সাম্প্রতিক এক মন্তব্যে মাথা ঘামাচ্ছে গোটা বলিপাড়া।
বলিউডে পঁচিশ বছর পূর্ণ করেছেন অভিষেক। কিন্তু এই দীর্ঘ সময়ে হিট ছবির সংখ্যা হাতে গোনা। ক্যারিয়ারের শুরু থেকেই তাঁকে তুলনা করা হয়েছে বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে। শুধু বাবার সঙ্গে নয়, বিয়ের পর যোগ হয়েছে আরেক চাপ—ঐশ্বর্য রাই বচ্চনের সাফল্যের সঙ্গে তাঁর অবস্থান টেনে মাপা। তার উপর দাম্পত্য কলহের খবর রোজকার বাজারে শিরোনাম।
এই নিয়েই মুখ খুললেন জুনিয়র বি। এক সাক্ষাৎকারে অভিষেক বলেন, “এ সব নিয়ে আর কিছুই ফিল করি না। বাবার সঙ্গে তুলনা হোক, কিংবা ঐশ্বর্যের সঙ্গে, সবই এখন অর্থহীন লাগে। এতদিনে এ সবের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছি।” স্পষ্টতই তিনি বোঝাতে চাইলেন, সমালোচনা আর চর্চা তাঁকে আর নাড়াতে পারে না।

তবে এখানেই থামেননি তিনি। অভিষেকের ভাষায়, “আমার মা-বাবা আমার অভিভাবক। আমার স্ত্রী শুধুই আমার। আর আমার সন্তানও আমার। ওদের নিয়েই আমি গর্বিত। ওদের সঙ্গে ঘরোয়া পরিবেশে, এসি রুমে বসে শান্ত সময় কাটাতেই আমার ভাল লাগে।”
কিন্তু আশ্চর্যের বিষয়, এত কথা বলার পরও দাম্পত্য জীবন নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি। ডিভোর্সের খবরকে তিনি কার্যত এড়িয়ে গিয়েছেন। আর তাতেই নতুন করে প্রশ্ন তুলছেন নিন্দুকরা—তবে কি সংসারে শান্তি ফেরাতে চুপচাপ সমঝোতায় গিয়েছেন জুনিয়র বি?
আরও পড়ুনঃ স্বামী বনি কাপুরের জন্যই ‘বাহুবলী’ হাতছাড়া হয়েছিল শ্রীদেবী? মৃত্যুর এত বছর পর বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
বলি মহলে এখন জোর গুঞ্জন, অভিষেকের এই মন্তব্য আসলে একপ্রকার আত্মসমর্পণ। তবে সমালোচকেরা বলছেন, “অ্যাডজাস্টমেন্ট মানেই হার মানা নয়।” কিন্তু প্রশ্ন রয়ে গেল—ঐশ্বর্যের সঙ্গে তাঁর সম্পর্কে আসলে কী চলছে?





