দুঃসংবাদ! ‘থ্রি ইডিয়টস’-এর কড়া অধ্যাপক আর নেই, প্রয়াত অভিনেতা অচ্যুত পোতদার

বলিউড এবং মারাঠি সিনেমার পরিচিত মুখ অচ্যুত পোতদার আর নেই। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। রবিবার (১৮ আগস্ট) ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ অভিনেতা। সোমবার, ১৯ আগস্ট থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানির ছবি থ্রি ইডিয়টস-এ কড়া অধ্যাপকের ভূমিকায় তাঁকে মনে রেখেছেন কোটি দর্শক। তাঁর বলা সংলাপ “আরে, কেহনা ক্যা চাহতে হো” আজও দর্শকদের মুখে মুখে ফেরে, এমনকি সোশ্যাল মিডিয়ার মিম কালচারের অংশ হয়ে গেছে।

অভিনয় জগতে অচ্যুত পোতদারের যাত্রা শুরু হয় বেশ দেরিতে। জীবনের প্রথম পর্বে তিনি ছিলেন অধ্যাপক, পরে যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে কাজ করেন। ৫৮ বছর বয়সে চাকরি থেকে অবসর নিলেও, আসল নতুন শুরুটা হয় আরও আগে—৪৪ বছর বয়সে বলিউডে আত্মপ্রকাশের মাধ্যমে।

প্রায় চার দশকের ক্যারিয়ারে ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করেছেন তিনি। আক্রোশ, অর্ধসত্য, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্নাভাই, দাবাং ২ থেকে ভেন্টিলেটর— একের পর এক উল্লেখযোগ্য ছবিতে ছিল তাঁর উপস্থিতি।

শুধু বড় পর্দায় নয়, ছোটপর্দাতেও সমানভাবে সক্রিয় ছিলেন পোতদার। ভারত এক খোঁজ, ওয়াগলে কি দুনিয়া, প্রধানমন্ত্রী, আহত, আগলে জনম মোহে বেটিয়া হি কিজো থেকে শুরু করে মাঝা হোশিল না— সবেতেই ছাপ ফেলেছিলেন তিনি।

চলচ্চিত্রে আসার আগে একেবারেই আলাদা জীবনে যুক্ত থাকলেও, অভিনয়েই খুঁজে পেয়েছিলেন নিজের আসল পরিচয়। আজ অচ্যুত পোতদারকে মনে পড়বে একাধারে একজন কঠোর অধ্যাপক হিসেবে, আবার এক বর্ণময় জীবনযাত্রার প্রেরণা হিসেবেও।