বলিউডের পর্দায় একসময় যে নাম উচ্চারণ করলেই দর্শকরা মুগ্ধ হয়ে যেতেন, তিনি মন্দাকিনী। ৮০–র দশকে রাজ কাপুরের হাত ধরে ‘রাম তেরি গঙ্গা ম্যায়লি’ ছবির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই সাহসী অভিনয়ে সাড়া ফেলেছিলেন পুরো বলিউডে। নীল চোখের সেই সুন্দরী রাতারাতি দর্শকদের মনে জায়গা করে নেন। তবে আলো-আঁধারির এই দুনিয়ায় তার যাত্রা খুব দীর্ঘস্থায়ী হয়নি। গ্ল্যামারের ঝড় তুললেও হঠাৎ করেই তিনি সিনেমার জগৎ থেকে গায়েব হয়ে যান।
তার কেরিয়ারের শীর্ষ সময়েই জড়িয়ে গিয়েছিল নানা বিতর্ক। সবচেয়ে আলোচিত ছিল আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়ানো। সেই সময়ে গুজব ছড়িয়ে পড়লেও, আসল ঘটনা আজও রহস্যে ঢাকা। ঠিক তখনই একদিন হঠাৎই পর্দা থেকে সরে যান মন্দাকিনী। দর্শকরা যাকে পর্দায় দেখতে অভ্যস্ত ছিলেন, তিনি আর কোথাও নেই। এই হঠাৎ অন্তর্ধান তার অনুরাগীদের কাছে এক বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।
তবে সময়ের সঙ্গে তিনি গড়ে তুলেছেন অন্য জীবন। পরবর্তী সময়ে মন্দাকিনী বিয়ে করেন সাবেক বৌদ্ধ ভিক্ষু Dr. Kagyur T. Rinpoche Thakur–কে। সংসার, পরিবার আর আধ্যাত্মিকতার পথে হাঁটতে শুরু করেন তিনি। আজ তিনি যোগব্যায়ামের প্রশিক্ষক এবং দলাই লামার একজন অনুসারী। সিনেমা থেকে সরে দাঁড়ালেও মন্দাকিনীর প্রতি ভক্তদের টান কোনোদিন কমেনি। সোশ্যাল মিডিয়ায় আজও তার এক বিশাল অনুরাগী মহল রয়েছে, যারা নতুন করে তাকে দেখতে উদগ্রীব হয়ে আছেন।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটছে। বহু বছর পর আবারও তিনি ফিরছেন ক্যামেরার সামনে। নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। গানের নাম ‘মা ও মা’, যেখানে নিজের ছেলে রাবিলের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন মন্দাকিনী। দীর্ঘ সময় পর আবারও দর্শকের সামনে আসতে পেরে অভিনেত্রী দারুণ খুশি। তিনি জানিয়েছেন, এই কাজ তার কাছে অনেক আবেগের, কারণ এত বছর পর ছেলের সঙ্গে একসঙ্গে পর্দায় আসা বিশেষ অনুভূতির।
আরও পড়ুনঃ ‘বিয়ের পর জেনেছিলাম সোনালীর জীবনে অন্য কেউ আছে’! স্ত্রীর বিরুদ্ধে ‘পরকীয়া’র অভিযোগ আনেন স্বামী রজত!
আজও তার বয়স যেন কেবল সংখ্যায় সীমাবদ্ধ। চেহারায় আজও ফুটে ওঠে সেই গ্ল্যামার, যেটা একসময় দর্শকদের মুগ্ধ করেছিল। এত বছর পরেও ভক্তদের চোখে মন্দাকিনী মানেই আলাদা এক নস্টালজিয়া। আর তাই তার কামব্যাকের খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে চারদিকে। একসময়ের সেই রূপসী নায়িকা আবারও প্রমাণ করলেন, সময় গেলেও তার আবেদন অমলিন।





