বলিউড অভিনেতা অক্ষয় কুমার-এর কন্যাকে অনলাইনে হয়রানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র সাইবার বিভাগ। এই তথ্য সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনাটি সামনে আসতেই সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারা কুমার-কে অনলাইন গেম খেলার সময় বিরক্ত করা হয়। অভিযুক্ত ব্যক্তি তার কাছ থেকে অশালীন ছবি চেয়েছিল বলে অভিযোগ। এই ঘটনার পরই অভিনেতা নিজে সাইবার বিভাগে অভিযোগ জানান।
রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র সাইবার বিভাগের শীর্ষ আধিকারিকরা জানান, তদন্তের ভিত্তিতে অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। একটি সচেতনতা কর্মসূচিতে এই ঘটনাটি উল্লেখ করে বলা হয়, নিতারা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যদের বিষয়টি জানায়, যা প্রশংসনীয় পদক্ষেপ।
একটি ভিডিও বার্তায় অক্ষয় কুমার পুরো ঘটনার কথা তুলে ধরেন। তিনি জানান, তাঁর মেয়ে অনলাইন গেম খেলছিল, যেখানে অপরিচিতদের সঙ্গেও যোগাযোগ করা যায়। সেই সময়ই এক ব্যক্তি তার পরিচয় জানতে চেয়ে পরে অশালীন অনুরোধ করে। এতে নিতারা সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে মাকে জানায়।
আরও পড়ুনঃ বিয়ের জল্পনার মাঝেই ‘কুহেলি’ নিয়ে ব্যস্ত সুস্মিতা! সমাজ মাধ্যমে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সাহেব!
এই ঘটনার পর সাইবার অপরাধ সম্পর্কে সতর্ক থাকার বার্তা দেন অক্ষয়। ঘটনার কয়েক মাসের মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। অন্যদিকে, কাজের দিক থেকে অভিনেতা বর্তমানে তাঁর নতুন ছবি ‘ভূত বাংলা’-র সাফল্য উপভোগ করছেন এবং সামনে একাধিক বড় প্রজেক্টে তাঁকে দেখা যাবে।





