র‍্যাম্পে অক্ষয় কুমার, হাতে গাছের ডাল! নেটপাড়ায় হাসির ঝড় – পুরনো বিতর্কও ফিরে এলো আলোচনায়

বলিউডের ফিটনেস আইকন বললেই যার নাম সবার আগে আসে, তিনি অক্ষয় কুমার। তবে কেরিয়ারে ইদানীং ওঠানামা কিছুটা দেখা গেলেও, এখনও স্টারডমে তার ঝলক কমেনি। এবার প্রায় ১২ বছর পর র‍্যাম্পে হাঁটলেন তিনি – আর তাতেই নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা, ট্রোল, মিম আর পুরনো বিতর্ক টেনে আনার হিড়িক।

এই বিশেষ ফ্যাশন শো-তে ডিজাইনার ফাল্গুনী শেন পিককের আইভরি রঙের রাজকীয় শেরওয়ানিতে দেখা গেল অক্ষয়কে। সঙ্গে ছিল স্টাইলিশ সানগ্লাস আর রূপালি জুতো – সব মিলিয়ে একেবারে রয়্যাল ইন্ডিয়ান লুক!

কিন্তু যা নজর কাড়ল, তা অক্ষয়ের হাতে থাকা একটি গাছের ডাল!

হ্যাঁ ঠিকই পড়েছেন। র‍্যাম্পে হাঁটতে হাঁটতে একেবারে ‘স্টাইল’-এ একটি ডাল ছিঁড়ে হাতে নিয়ে পোজ দিলেন ‘ওএমজি’ অভিনেতা। মুহূর্তে সে ভিডিয়ো ভাইরাল! আর তারপরই শুরু ট্রোলিং।
কেউ লিখছেন, “হাতে কারি পাতা নিয়েই বুঝি আসলেন!”
আরও একজন মজা করে বললেন, “এই পাতাই বুঝি বিমলের বদল!”
আরেকজন আবার রেগে গিয়ে প্রশ্ন করলেন, “এভাবে কে গাছের ডাল ভাঙে রে ভাই?”

তবে অক্ষয়কে নিয়ে এটাই প্রথম র‍্যাম্প বিতর্ক নয়।

স্মৃতি ঘেঁটে নেটিজেনদের একাংশ মনে করিয়ে দিল ২০০৯ সালের এক ফ্যাশন শোর ঘটনা। যেখানে র‍্যাম্পে হাঁটার সময়, প্রকাশ্যে অক্ষয়ের প্যান্টের বোতাম খুলে দিয়েছিলেন স্ত্রী টুইঙ্কল খান্না! সেই ঘটনাকে কেন্দ্র করেও তখন বেশ বিতর্ক হয়েছিল, এমনকি থানায় এফআইআর পর্যন্ত হয় অশ্লীলতার অভিযোগে।

সব মিলিয়ে বলাই যায়, র‍্যাম্পে হোক বা রিল লাইফে – অক্ষয় কুমার যেখানেই যান, আলোচনার কেন্দ্রে থাকেনই!