ভাবুন তো, রাস্তায় হঠাৎ চোখে পড়ল ঝাঁ-চকচকে একটা রোলস রয়েস! এমন গাড়ি তো আর রোজ দেখা যায় না। কিন্তু ভাববেন তো কে চালাচ্ছেন? বলিউডের দুই মহারথী— অমিতাভ বচ্চন আর আমির খান! না না, তারা এখন এই গাড়ি চালাচ্ছেন না, কিন্তু ঝামেলার সূত্রপাত ঠিক এখানেই।
গল্পটা ঠিক সিনেমার মতো। বেঙ্গালুরুর এক দাপুটে ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতা ইউসুফ শরিফ, যিনি স্থানীয়দের কাছে ‘কেজিএফ বাবু’ নামে খ্যাত, দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন অমিতাভ আর আমিরের পুরনো রোলস রয়েস গাড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন— দু’জন বলি সুপারস্টারের গাড়িই এখন ইউসুফের কাছে।
কিন্তু ঝামেলা বাঁধে গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে। গাড়িগুলি কিনলেও ইউসুফ নাকি এখনও নিজের নামে রেজিস্ট্রি করেননি! তার বদলে এখনও গাড়ির কাগজে লেখা আছে অমিতাভ-আমিরের মুম্বইয়ের ঠিকানা। আর এতেই চটেছে প্রশাসন।
এই খবর পুলিশের কানে পৌঁছাতেই তদন্তে নামে তারা। দেখা যায়, ইউসুফ শরিফ শুধু রেজিস্ট্রেশন করাননি তা নয়, গাড়ির উপর নিয়মিত করও দেননি! আর সেই অপরাধেই এখন তাঁর ঘাড়ে চেপেছে মোটা অঙ্কের জরিমানা— গোটা ৩৮ লক্ষ টাকা!
এদিকে কেজিএফ বাবুর প্রভাব বিস্তৃত কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডস এলাকায়। ‘কেজিএফ’ ছবিতে যে খনি অঞ্চল দেখানো হয়েছিল, বাস্তবে সেই এলাকারই বাসিন্দা ইউসুফ। তাই এলাকায় দাপট থাকলেও কর ফাঁকির কারণে এখন আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি।
আরও পড়ুনঃ “আমার পরিণতিও সুশান্তের মতো হবে!”—বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত
তবে এই গোটা ঘটনায় অমিতাভ বা আমিরের কোনও দোষ নেই, কিন্তু তাদের নামেই যখন রেজিস্ট্রেশন, তখন তদন্তে তো আসতেই হয়!
সত্যি বলতে কী, বলিউড আর বাস্তব— কখন যে কোনটা সিনেমা হয়ে যায়, বোঝা দায়!





