প্রাণনাশের হুমকির মাঝেই বড় সিদ্ধান্ত! বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করলেন সলমন খান

গত এক বছর ধরে নিরাপত্তার চরম উদ্বেগে রয়েছেন বলিউড অভিনেতা সলমন খান। গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের পক্ষ থেকে নিয়মিত খুনের হুমকি পাচ্ছেন তিনি। শুধু অভিনেতাই নন, তাঁর পরিবারও রয়েছে সেই নিশানায়। এমনকি কিছুদিন আগে সলমনের বাড়ির সামনেই চালানো হয়েছিল গুলিবর্ষণ। এরপর থেকেই ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর জানালায় লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ। সলমনের এক ঘনিষ্ঠ, রাজনীতিবিদ বাবা সিদ্দিকির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুও পরিস্থিতির ভয়াবহতা বাড়িয়ে তোলে। এই উত্তপ্ত পরিবেশের মধ্যেই সামনে এল সলমনের একটি বড় সিদ্ধান্ত।

সম্প্রতি জানা গিয়েছে, বান্দ্রা ওয়েস্টের একটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সলমন খান। ৫.৩৫ কোটি টাকায় বিক্রি হওয়া এই ফ্ল্যাটের আয়তন প্রায় ১৩১৮ বর্গফুট। সরকারি রেজিস্ট্রেশন নথি অনুসারে, বিক্রির সময় স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় ৩২ লক্ষ টাকা খরচ হয়েছে। সূত্রের খবর, এই ফ্ল্যাটটি ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর কাছাকাছিই অবস্থিত, যা সলমনের স্থায়ী বাসস্থান। ফ্ল্যাট বিক্রির সিদ্ধান্ত হঠাৎ কেন, তা এখনও প্রকাশ্যে আনেননি অভিনেতা।

সলমন বর্তমানে থাকেন বান্দ্রার সমুদ্রের ধারে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে, যেখানে তিনি বহু বছর ধরে বসবাস করছেন। যদিও মুম্বই শহরের বিভিন্ন প্রান্তে আরও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর নামে। শুধু শহরের মধ্যেই নয়, শহরের বাইরে পানভেলেও তাঁর একটি বিশাল খামারবাড়ি রয়েছে, যেখানে তিনি প্রায়ই সময় কাটাতে পছন্দ করেন।

বান্দ্রা পশ্চিম মুম্বইয়ের অন্যতম অভিজাত এবং হাই-প্রোফাইল এলাকা। শাহরুখ খান, আলিয়া ভট্ট, কৃতি শ্যাননের মতো একাধিক নামী তারকা এই এলাকাতেই থাকেন। তবুও এত দামি একটি সম্পত্তি কেন হঠাৎ বিক্রি করলেন সলমন খান, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন, সুরক্ষার কথা মাথায় রেখেই হয়তো এই সিদ্ধান্ত।

আরও পড়ুনঃ “আমি কোনোদিন এমন ছাপড়া মার্কা দেখতে ছিলাম না!”—নগ্ন ভিডিও কাণ্ডে মুখ খুললেন ঋত্বিক, জানালেন আসল সত্যি!

সব মিলিয়ে, বলিউডের ‘ভাইজান’-এর এই হঠাৎ ফ্ল্যাট বিক্রির ঘটনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে। লরেন্স গ্যাংয়ের হুমকির প্রেক্ষাপটে এই পদক্ষেপ এক নতুন আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন অনেকে।