২০০১ সালে মুক্তি পাওয়া ‘গদর’ ছবির সাফল্যের পরের বছরই বড় পর্দায় আসে আব্বাস মস্তানের থ্রিলার ‘হামরাজ’। ছবির শুটিং চলাকালীন একটি দৃশ্যকে ঘিরে এমন এক ঘটনা ঘটে, যা আজও বলিউডের অন্যতম মজার স্মৃতি হিসেবে আলোচনা হয়। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথাই প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী আমিশা পটেল।
অভিনেত্রীর কথায়, জয়পুর ফোর্টে ছবির ক্লাইম্যাক্সের শুটিং চলছিল। দৃশ্য অনুযায়ী ববি দেওলের তাঁর চরিত্রকে জড়িয়ে ধরার কথা ছিল। কিন্তু ক্যামেরা চালু হতেই উপস্থিত দর্শকদের একাংশ জোরে চিৎকার করতে শুরু করেন। তাঁরা ববিকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমিশাকে যেন তিনি স্পর্শ না করেন।
আমিশা জানান, দর্শকদের অনেকেই তখনও তাঁকে ‘গদর’ ছবির সাকিনা হিসেবেই দেখছিলেন। তাই তাঁরা চিৎকার করে বলছিলেন, “ও তো তারা সিংয়ের মানুষ, ওকে ছোঁবে না।” পরিস্থিতি সামাল দিতে অভিনেতা-অভিনেত্রী এবং ইউনিটকে দর্শকদের বোঝাতে হয় যে এটি শুধুই একটি সিনেমার শুটিং। পরে ভিড় নিয়ন্ত্রণে এনে দৃশ্যটির শুটিং শেষ করা হয়।
এই ঘটনার প্রসঙ্গে আমিশা আরও বলেন, দেওল পরিবারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই তাঁর কাছে খুব ভালো। তাঁর মতে, দর্শকদের এই প্রতিক্রিয়াই প্রমাণ করে ‘গদর’ ছবির চরিত্রগুলি মানুষের মনে কতটা গভীর ছাপ ফেলেছিল। বাস্তব আর পর্দার গল্প অনেকেই এক করে ফেলেছিলেন।
আরও পড়ুনঃ এবার একই ফ্রেমে সোহিনী-রুকমা! রহস্যঘেরা নতুন ক্রা’ইম থ্রিলারে জুটি বাঁধছেন দুই নায়িকা! অপেক্ষায় দর্শকমহল!
এরপর ‘গদর ২’ ছবিতে আবারও একসঙ্গে দেখা যায় সানি দেওল ও আমিশা পটেলকে, আর ছবিটিও বক্স অফিসে বড় সাফল্য পায়। অন্যদিকে ‘হামরাজ’ মুক্তির দুই দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও ছবির গল্প, গান এবং শুটিংয়ের এই অজানা ঘটনা এখনও অনুরাগীদের মধ্যে সমান আগ্রহের বিষয় হয়ে রয়েছে।





