পরেশ রাওয়ালের এক পুরনো স্বীকারোক্তি ফের হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, এক সময় নিজের প্রস্রাব পান করতেন। আর এরপরই শুরু হয়ে যায় ট্রোলিং, কটাক্ষ, নানা রকম মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ যেন এ সব কটাক্ষের জবাবই দিলেন ঠাট্টার সুরে।
হাসতে হাসতেই বললেন তিনি, “আমি তো কাউকে বলিনি ওদের প্রস্রাব পান করতে। আমি তো ওদের আমারটা খেতে বলিনি। তা হলে এত কষ্ট হচ্ছে কেন? কী ভাবছে ওরা? ‘এই লোকটা তো একাই সব খেয়ে নিল, আমাদের এক ফোঁটাও দিল না!’”
এই মন্তব্য ঘিরে বিতর্ক থাকলেও, পরেশ জানাচ্ছেন, ব্যাপারটা আজকের নয়। প্রায় ৪০ বছর আগের ঘটনা। তিনি বলেন, “আমি বলেছি এটা অনেক দিন আগের কথা। এত বড় ব্যাপার কী? এরা তো সব কিছু নিয়ে মশকরা করতে ভালোবাসে। ওদের ওতেই আনন্দ।”
আসলে, পরেশের এই প্রস্রাবপানের পেছনেও একটা গল্প আছে। তিনি বলেন, ‘ঘাতক’ ছবির শুটিংয়ের সময় তাঁর হাঁটুতে গুরুতর চোট লাগে। তখনকার দাপুটে অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগন তাঁকে এক অদ্ভুত পরামর্শ দেন—প্রতি দিন নিজের প্রস্রাব পান করতে। আর সেই পরামর্শ মেনে টানা ১৫ দিন তা করেই নাকি সুস্থ হয়ে ওঠেন অভিনেতা।
আরও পড়ুনঃ “নিজের বাড়িতেই নিরাপদ নই!”: কাঁদতে কাঁদতে সাহায্য চাইলেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত
স্বাস্থ্য উপকারিতা নিয়ে প্রশ্ন করা হলে পরেশ বলেন, “অনেকেই এটা করেছে, উপকার পেয়েছে। তবে আমি এর গভীরে যাচ্ছি না।”
উল্লেখ্য, এই বিষয়টি একেবারেই নতুন নয়। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাইও এক সময় দাবি করেছিলেন, নিয়মিত নিজের প্রস্রাব পান করেই সুস্থ থাকেন তিনি।
তবে পরেশের ভাষায়, কে কী পান করছে, সেটা নিয়ে এত মাথাব্যথা না করাই ভালো!





