সানি দেওলের চেনা গর্জন আর দেশপ্রেমের আবেগে আবারও উত্তাল গোটা দেশ। বড় পর্দায় বর্ডার ২ মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। শুধু সাধারণ দর্শকই নন, প্রশংসায় মুখর সমালোচকরাও। তারই সরাসরি প্রভাব পড়েছে বক্স অফিসে। মুক্তির প্রথম তিন দিনেই ভারতীয় বক্স অফিসে ১১৫ কোটির বেশি ব্যবসা করে রেকর্ড গড়ে ফেলেছে এই ছবি।
মুক্তির দিনে অর্থাৎ শুক্রবার ছবিটি প্রায় ৩৫ কোটি টাকার ব্যবসা করে শক্তিশালী সূচনা করে। শনিবার দর্শকের ভিড় আরও বাড়ায় আয়ের অঙ্ক ছুঁয়ে ফেলে প্রায় ৪০ কোটি টাকা। রবিবার ছুটির দিনে সিনেমাহলগুলো ছিল হাউসফুল। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই দিন ছবির আয় ছিল প্রায় ৪০ থেকে ৪২ কোটি টাকা। সব মিলিয়ে প্রথম উইকেন্ডেই ছবির দাপট চোখে পড়ার মতো।
গদর ২ এর পর ফের প্রমাণিত হল সানি দেওলের ম্যাজিক এখনও অটুট। মাস এন্টারটেইনার হিসেবে দর্শকের নাড়ি তিনি আজও ভালোই বোঝেন। ছবিতে বরুণ ধাওয়ান এবং দিলজিৎ দোসাঞ্জের উপস্থিতি গল্পে বাড়তি রসদ জুগিয়েছে। অ্যাকশন দৃশ্য আর সানি দেওলের সিগনেচার সংলাপে প্রেক্ষাগৃহে বারবার সিটি আর হাততালির ঝড় উঠছে।
চলতি সপ্তাহে বড় কোনও ছবির মুক্তি না থাকায় বর্ডার ২ এর সামনে সুযোগ আরও বড়। ট্রেড অ্যানালিস্টদের মতে প্রজাতন্ত্র দিবসে ছবির আয় নতুন উচ্চতায় পৌঁছতে পারে। অনেকেই মনে করছেন এই ছবির টানা সাফল্যে আমির খান বা শাহরুখ খানের রেকর্ডও চাপে পড়তে পারে। ২০২৬ সালের প্রথম সুপারহিট হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে ছবিটি।
আরও পড়ুনঃ খলচরিত্রে অভিনয় করেই কটাক্ষের বন্যা, মায়ের মন খারাপের কথাও জানালেন শিঞ্জিনী
বর্ডার ছবিতে যেখানে মূলত সেনাবাহিনীর বীরত্ব দেখা গিয়েছিল সেখানে বর্ডার ২ এ কাহিনির পরিধি অনেক বিস্তৃত। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে স্থলসেনা বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের গল্প তুলে ধরা হয়েছে। সানি দেওল এখানে অভিজ্ঞ পথপ্রদর্শকের ভূমিকায়। সঙ্গে রয়েছেন বরুণ ধাওয়ান আহান শেট্টি ও দিলজিৎ দোসাঞ্জ।





