এক সপ্তাহের উদ্বেগের পর অবশেষে স্বস্তির খবর দিলেন বলিউডের ‘হেপ্টম্যান’। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯০ বছরের ধর্মেন্দ্র। চিকিৎসকদের অনুমতি মিলতেই বুধবার সকালে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি নিয়ে যাওয়া হয়। হাসপাতালের বাইরে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা— ববি দেওল, সানি দেওল ও অন্যান্য আত্মীয়রা। স্বস্তির হাসিতে উজ্জ্বল সবার মুখ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন স্থিতিশীল অভিনেতার অবস্থা, তাই বাড়িতেই চলবে পরবর্তী চিকিৎসা।
গত সপ্তাহে শ্বাসকষ্ট ও বয়সজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। তখন থেকেই বলিউডজুড়ে উদ্বেগ। সোমবার রাতেই তাঁর মৃত্যুর গুজবে তোলপাড় হয় সমাজমাধ্যম। কেউ কেউ দাবি করেন, অভিনেতাকে নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিন্তু পরের সকালেই স্পষ্ট বার্তা দেন হেমা মালিনী ও ঈশা দেওল— “সব ঠিক আছে, বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন।”
ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় ক্ষুব্ধ হন হেমা মালিনী। তিনি লেখেন, “মানুষের সংবেদনশীলতা কোথায় হারিয়ে গেল? এক জন জীবিত মানুষকে মৃত বলা— সত্যিই অমানবিক।” অন্যদিকে, ঈশা দেওল অনুরোধ করেন, “বাবার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন, গুজব নয়।”
আরও পড়ুনঃ ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার অসুস্থ গোবিন্দ! গভীর রাতে হাসপাতালে ভর্তি ‘হিরো নম্বর ১’
এখন দেওল পরিবারে স্বস্তি ও কৃতজ্ঞতার আবহ। ধর্মেন্দ্র আপাতত বিশ্রামে, চিকিৎসকরা নিয়মিত খোঁজ নিচ্ছেন। ভক্তরা প্রার্থনা করছেন তাঁর আরও শক্তভাবে ফিরে আসার জন্য। বয়সের কাছে হার মানেননি এই বলিউড কিংবদন্তি— আবারও প্রমাণ করলেন, তিনি এখনো অদম্য ‘ধর্মেন্দ্র’।





