পাপারাজ্জির সঙ্গে ধাক্কাধাক্কি! নিজেই ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দিলেন গোবিন্দা!

সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ‘মিসেস ইন্ডিয়া কুইন পেহচান মেরি সিজন ৪’-এর গ্র্যান্ড ফিনালেতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। অনুষ্ঠান শেষে বেরোনোর সময় অভিনেতাকে ঘিরে ধরেন অনুরাগী এবং পাপারাজ্জিরা। সেই সময় ভিড় সামলাতে গিয়ে তাঁর নিরাপত্তারক্ষীর সঙ্গে এক পাপারাজ্জির বচসা শুরু হয়।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, গোবিন্দাকে নিরাপদে বের করে আনতে গিয়ে এক নিরাপত্তাকর্মী এক পাপারাজ্জিকে ধাক্কা দেন বলে অভিযোগ ওঠে। এরপরই উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। ওই পাপারাজ্জিকে প্রশ্ন করতে শোনা যায়, কেন তাঁর গায়ে হাত দেওয়া হল।

পরিস্থিতি বেশি উত্তপ্ত হওয়ার আগেই হস্তক্ষেপ করেন গোবিন্দা। তিনি নিজের নিরাপত্তাকর্মীকে শান্ত থাকতে বলেন এবং পাপারাজ্জির উদ্দেশে জানান, তিনি তাঁদের বন্ধু। এরপর অভিনেতা নিজেই ক্ষমা চেয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তারপর শান্তভাবেই গাড়িতে উঠে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই গোবিন্দার আচরণের প্রশংসা করেছেন। অনুরাগীদের একাংশের মতে, অভিনেতা অত্যন্ত ঠান্ডা মাথায় বিষয়টি সামলেছেন। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, এত বছর পরেও তাঁর ভদ্র ব্যবহার এবং পেশাদার মনোভাব একই রকম রয়েছে।

১৯৮০-র দশকে বলিউডে কেরিয়ার শুরু করেন গোবিন্দা। পরে ‘হিরো নং ১’, ‘কুলি নং ১’, ‘রাজা বাবু’ ও ‘পার্টনার’-এর মতো ছবির মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছন তিনি। দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও তাঁর অভিনীত কমেডি ছবিগুলি এখনও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। শেষবার তাঁকে ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে দেখা গিয়েছিল।