কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে নিজের মনের ভেতরের কথা অকপটে বলেছিলেন কর্ণ জোহর। জানিয়েছিলেন, সাফল্য থাকা সত্ত্বেও জীবনে একাকিত্ব তাঁকে ঘিরে ধরে। আনন্দ ভাগ করে নেওয়ার মতো সঙ্গীর অভাব তিনি গভীরভাবে অনুভব করেন। এই স্বীকারোক্তি অনেককেই নাড়িয়ে দিয়েছিল। তার উপর বার বার কটাক্ষ, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা এবং যৌন পরিচয় ঘিরে তির্যক মন্তব্য তাঁর মানসিক চাপ আরও বাড়িয়েছে বলে মনে করছেন অনেকে। এমন পরিস্থিতিতে কর্ণের সাম্প্রতিক ঘোষণায় অনুরাগীদের উদ্বেগ আরও বেড়েছে।
শুধু কটাক্ষ নয়, বডিশেমিংয়ের মতো অভিজ্ঞতাও বার বার হয়েছে তাঁর সঙ্গে। সমাজমাধ্যমে সক্রিয় থাকলেও এই নেতিবাচক অভিজ্ঞতাগুলি তাঁকে ক্লান্ত করে তুলেছে। সেই কারণেই কি না, এবার এক সপ্তাহের জন্য সম্পূর্ণ ডিজিটাল ডিটক্সের সিদ্ধান্ত নিয়েছেন কর্ণ। ফোন স্ক্রল করা থেকে শুরু করে ডিএম সব কিছু থেকেই নিজেকে দূরে রাখতে চান তিনি। নিজের মানসিক শান্তির জন্য এই বিরতি যে কতটা জরুরি, তা যেন তাঁর কথাতেই স্পষ্ট।
ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে কর্ণ লিখেছেন, এই এক সপ্তাহ তিনি কোনও পোস্ট করবেন না, কোনও বার্তার উত্তর দেবেন না। বরং এই সময়টা নিজেকে ফিরে পাওয়ার জন্য রাখবেন। পাশাপাশি তিনি ব্রহ্মাণ্ডের কাছে শক্তিও চেয়েছেন, যেন এই দূরত্ব বজায় রাখতে পারেন। সাধারণত প্রতিদিনের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেওয়া কর্ণের অভ্যাস। তাই তাঁর এই নীরবতা স্বাভাবিক ভাবেই নজর কেড়েছে।
ডিজিটাল ডিটক্স ঘোষণার ঠিক আগে কর্ণ তাঁর ছবি পেট্রিয়েটের পোস্টার ভাগ করে নিয়েছিলেন। এছাড়াও সম্প্রতি ধুরন্ধর এবং বর্ডার ২ ছবির প্রশংসা করে পোস্ট করেছিলেন তিনি। তবে গত মাসে মুক্তি পাওয়া তাঁর প্রযোজিত ছবি তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবির ব্যর্থতাও হয়তো তাঁর মানসিক চাপ বাড়িয়েছে।
আরও পড়ুনঃ ‘একটা নিশ্চিন্ত আশ্রয় পেলাম…’ দক্ষিণী সাজে বাগদান সারলেন অদ্রিজা রায়! ভালোবাসার রঙে ভরে উঠলো অভিনেত্রীর নতুন জীবন!
এই পরিস্থিতিতে এক সপ্তাহের ডিজিটাল ডিটক্স আদৌ কতটা কাজে আসবে, সেই প্রশ্ন উঠছেই। তবে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যে আজকের দিনে অত্যন্ত জরুরি, সে কথা মনে করিয়ে দিলেন কর্ণ জোহর নিজেই। অনুরাগীরা এখন একটাই প্রার্থনা করছেন, এই বিরতির পর আরও শক্ত হয়ে, আরও ইতিবাচক মানসিকতা নিয়ে তিনি ফিরে আসুন।





