কার্তিক আরিয়ানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র! সুশান্তের মতোই পরিণতি হওয়ার আশঙ্কা! কি এমন হয়েছে অভিনেতার সঙ্গে?

বলিউডে কি ফের এক বহিরাগতকে নিশানা করা হচ্ছে? সুশান্ত সিংহ রাজপুতের মর্মান্তিক মৃত্যুর পর আবারও চর্চায় এল বলিউডের অন্ধকার দিক। এবার তার কেন্দ্রে উঠে এলেন কার্তিক আরিয়ান। বিখ্যাত সুরকার ও গায়ক অমাল মালিক সম্প্রতি এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি করলেন— কার্তিক আরিয়ানকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছেন বলিউডের একাংশ।

অমালের অভিযোগ, একাধিক প্রভাবশালী অভিনেতা ও প্রযোজক ইতিমধ্যেই কার্তিকের বিরুদ্ধে প্রচ্ছন্ন লড়াইয়ে নেমেছেন। তিনি বলেন, “কার্তিকও সুশান্তের মতো বাইরে থেকে এসে নিজের কঠোর পরিশ্রমে জায়গা করে নিয়েছে। আর এটাই অনেকের সহ্য হচ্ছে না। তাই তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে।”

সুশান্তের প্রসঙ্গে বলতে গিয়ে অমাল বলেন, “এই ইন্ডাস্ট্রির কালো দিক এখন অনেকেই দেখতে পাচ্ছেন। সুশান্ত এই অন্ধকারকে সামলাতে পারেনি। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে খুন— যাই হোক, মানুষটা তো আর নেই! ওর মন, আত্মা ভেঙে দিয়েছিল এই ইন্ডাস্ট্রির কিছু লোক।”

অমালের দাবি, সুশান্তের বিরুদ্ধে যেমন বলা হয়েছিল— “এই ছেলেটাকে ধ্বংস করে দিতে হবে”, আজও সেই একই মানসিকতা কাজ করছে। তাঁর কথায়, “সুশান্তের মতোই কার্তিকের মনোবলও ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। ও কিন্তু নাচে, হাসে, লড়ে যায়। বাইরে থেকে এসে সফল হয়েছে। তাই অনেকের গাত্রদাহ হচ্ছে।”

কার্তিক আরিয়ানের ক্যারিয়ারে রয়েছে একাধিক ব্লকবাস্টার ছবি। কিন্তু তবু, কখনও কোনও ছবি থেকে বাদ পড়া, কখনও প্রযোজকদের সঙ্গে মতবিরোধ— এসব খবর মাঝেমধ্যেই সামনে আসে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। পুলিশ জানায়, আত্মহত্যা করেছেন তিনি। তবে মৃত্যুর পর থেকে আজও চলছে নানা জল্পনা-কল্পনা— আদৌ কি তা আত্মহত্যা ছিল, না কি কোনো গভীর ষড়যন্ত্র? এখন প্রশ্ন উঠছে— কার্তিক কি সেই একই পথে হাঁটছেন? বলিউড কি আরও এক প্রতিভাকে হারাতে চলেছে শুধুমাত্র ক্ষমতার লড়াইয়ে? অমাল মালিকের এই বক্তব্য ঘিরে উত্তাল এখন ইন্ডাস্ট্রি। কার্তিকের অনুরাগীরা উৎকণ্ঠায়।