মুখ্যমন্ত্রীকে সমর্থন জানিয়ে ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত শাহরুখ খান? স্তম্ভিত আম জনতা!

কলকাতায় ২১ জুলাইয়ের প্রস্তুতি মানেই চারপাশে এক আলাদা উন্মাদনা। এবছরও তার ব্যতিক্রম নয়। রবিবার রাত থেকেই শহর জমজমাট – রাস্তায় ঘাসফুল পতাকা, পোস্টার, মিছিলের সাজে সেজে উঠেছে গোটা শহর। তবে সব কিছুকে ছাপিয়ে যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা, তা হল ‘শাহরুখ খানের’ চমকপ্রদ আবির্ভাব!

হ্যাঁ, ঠিকই পড়ছেন! মিছিলে দেখা গেল একদম শাহরুখ খানের মতো দেখতে একজনকে। বাদশা নিজে বুঝি হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সমাবেশে? অনেকেই চোখ কচলে দেখলেন—এ কি সত্যি কিং খান?

তবে কিছুক্ষণের মধ্যেই রহস্য ভেদ। জানা গেল, এ আসলে শাহরুখের ‘হামসকল’—মানে ডুপ্লিকেট। দেখতে অবিকল তার মতো, আর সে কারণেই মুহূর্তে হয়ে গেলেন সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

নিজের পরিচয় জানিয়ে তিনি বলেন, “আমি পেশাগতভাবে শাহরুখ খান-এর মতো সাজিই। এটাই আমার কাজ, এভাবেই মনোরঞ্জন করি।” আরও বললেন, তিনি এসেছেন বীরভূম থেকে ঘাসফুল কর্মীদের সঙ্গে। ২১ জুলাইয়ের মঞ্চে এসে একদিকে যেমন দলকে সমর্থন জানিয়েছেন, তেমনই ইচ্ছে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি ভিডিয়ো বানানোর—যাতে আরও বেশি মানুষ তাঁর এই প্রতিভা সম্পর্কে জানতে পারেন।

শুধু শাহরুখ নয়, ধর্মতলায় এক জায়গায় দেখা গেল এক সমর্থককে একেবারে চার্লি চ্যাপলিনের সাজে। যেন একেবারে সিনেমার দৃশ্য!

অন্যদিকে, সমাবেশ ঘিরে শহরে ছিল কড়া নিরাপত্তা। রবিবার থেকেই বিভিন্ন জেলা থেকে মানুষ কলকাতার পথে। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি না হয়, তার জন্য ছিল নিয়ন্ত্রিত ট্রাফিক ও পুলিশি নজরদারি। সকাল সাড়ে ৯টার পর কিছুক্ষণের জন্য মিছিল বন্ধ রাখা হলেও দুপুর ১টা থেকে তা আবার শুরু হয়।

সব মিলিয়ে রাজনীতির মঞ্চে কিছুটা বলিউডের গ্ল্যামার যোগ করে এক অন্যরকম আবহ তৈরি হল শহরে—যেখানে রাজনীতি, তারকা-ছায়া আর সাধারণ মানুষের আবেগ একসঙ্গে মিশে গেল অনায়াসে।