বলিউডের ‘কিং’ শাহরুখ খান সম্প্রতি তাঁর নতুন অ্যাকশন সিনেমার শুটিং করছিলেন। হঠাৎই তাঁর চোট পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। শুধু সাধারণ মানুষ নয়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক টুইটে তিনি শাহরুখকে ‘ভাই’ বলে সম্বোধন করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মমতা টুইট করে লিখেছেন, “আমার ভাই শাহরুখ খানের চোটের খবর শুনে খুব দুঃখ পেয়েছি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” এই পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
প্রসঙ্গত, শাহরুখ আর মমতার সম্পর্ক দীর্ঘদিনের। কলকাতা চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে নানা অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁদের মধ্যে এক ধরনের পারিবারিক বন্ধনই যেন গড়ে উঠেছে।
শাহরুখের চোটের প্রসঙ্গে বলিউডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘কিং’ ছবির শুটিংয়ের সময় একটি হাই-ইনটেনসিভ অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে পিঠে টান পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হয়। এখন তিনি লন্ডনে রয়েছেন এবং সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন তাঁকে।
তবে এই ইনজুরির খবর নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। NDTV-র একটি রিপোর্ট অনুযায়ী, শাহরুখের আহত হওয়ার খবর ‘ভুয়ো’। চ্যানেলটির দাবি, অভিনেতা শুধুই রুটিন চেকআপের জন্যই আমেরিকা গিয়েছেন।
আরও পড়ুনঃ রবীন্দ্র নৃত্যে হিন্দি গান! বিতর্কে জড়িয়ে পড়লেন মমতা-মিঠুন!
সত্যিটা কী—তা এখনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে এতটুকু জানা যাচ্ছে, কিছুদিনের জন্য ‘কিং’ ছবির শুটিং স্থগিত রাখা হয়েছে। সম্ভবত সেপ্টেম্বর থেকে আবার শুরু হবে শুটিং। এই ছবিতে শাহরুখ প্রথমবারের মতো তাঁর কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। আরও থাকছেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা। ভক্তদের একটাই প্রার্থনা—তাঁদের ‘বাদশাহ’ যেন দ্রুত সুস্থ হয়ে আবার পর্দায় ফিরুন আগের মতোই দুর্দান্ত চেহারায়!





