অর্থনৈতিক সংকটের লড়াইয়ে মনোজ বাজপেয়ী! প্রকাশ্যে ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’-এর নতুন পোস্টার!

মনোজ বাজপেয়ীর আসন্ন ছবি ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ আগেই ছিল। এবার সেই উত্তেজনা আরও বাড়াল ছবির নতুন পোস্টার। ১২ জুন মুক্তি পেতে চলা এই ছবিতে এক কঠিন সময়ে দেশের লড়াইয়ের গল্প তুলে ধরা হবে।

নতুন পোস্টারে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে মনোজ বাজপেয়ীকে। পোস্টারের মূল আকর্ষণ একাধিক শক্তিশালী ট্যাগলাইন। সেখানে বোঝানো হয়েছে, এটি এমন এক লড়াই যেখানে অস্ত্র বা সেনাবাহিনী ছিল না, ছিল শুধু এক মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি।

ছবির গল্প আবর্তিত হয়েছে ভারতের অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে। দেশ যখন বড় বিপদের মুখে, তখন এক ব্যক্তি সামনে এসে পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব নেন। সেই কারণেই ছবিতে মনোজের চরিত্রকে ‘নীরব ত্রাতা’ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই ছবির পরিচালনায় রয়েছেন চিন্ময় মাণ্ডলেকর। প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ। ছবিতে মনোজ বাজপেয়ীর সঙ্গে দেখা যাবে আদা শর্মাকেও। চিত্রনাট্য লিখেছেন শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ ভরত, রবি আসরানি এবং বিপুল শাহ।

সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অমিত ত্রিবেদী, আর গান লিখেছেন জাভেদ আখতার। সব মিলিয়ে গল্প, অভিনয় ও সংগীত নিয়ে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এখন দেখার, মুক্তির পর দর্শকদের মনে কতটা জায়গা করে নেয় এই ছবি।