নীনা গুপ্তা আবারও নিজের স্পষ্টভাষী মন্তব্যে আলোচনার কেন্দ্রে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানালেন, পুরুষ ও মহিলার সম্পর্কের ভিত আসলে প্রেম নয়, বরং যৌন আকর্ষণ। তাঁর মতে, সম্পর্কের শুরুতে যে টান থাকে, তা ধীরে ধীরে স্নেহে পরিণত হয় এবং শেষে অভ্যাসে দাঁড়ায়।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার বিষয়। এক সময় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলিউডের গসিপের শিরোনামে। তাঁদের কন্যা মাসাবা গুপ্তা আজ সফল ফ্যাশন ডিজাইনার। তবে বিয়ের পথ বেছে নিয়েছিলেন অনেক পরে। ২০০৮ সালে, ৪৯ বছর বয়সে, তিনি গাঁটছড়া বাঁধেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে।
‘হিউম্যানস অফ বোম্বে’-কে দেওয়া সাক্ষাৎকারে নীনা খোলাখুলি বলেন, “শুরুতে থাকে যৌন ইচ্ছে। তারপর সম্পর্ক অন্যদিকে মোড় নিতে পারে। বিয়ে করুন বা অন্য কোনও সম্পর্কে জড়ান, সেটাই স্বাভাবিক প্রক্রিয়া।” তিনি আরও যোগ করেন, “সন্তানের প্রতি যে ভালোবাসা, তা অন্য কারও প্রতি হয় না। আমি আমার স্বামীর জন্যও অনেক কিছু করি, এখনও করি, কিন্তু মাসাবার জন্য যে ত্যাগ করি, তার তুলনায় স্বামীর জন্য কিছুই করতে পারব না।”
নীনার মতে, সন্তানই জীবনে সবচেয়ে বড় দায়িত্ব ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। সম্পর্কের টানাপড়েন বা সামাজিক চাপ নিয়ে তিনি কখনও প্রকাশ্যে মুখ খুলতে দ্বিধা করেননি। তাই তাঁকে একদিকে যেমন প্রশংসা করা হয়, তেমনই সমালোচনাও হয়।
তিনি সোজাসুজি বলেন, “আমি ভালোবাসা বুঝি না। আমি শুধু জানি, মেয়ের জন্য আমি সব করতে পারি। স্বামীর জন্যও অনেক করব, কিন্তু সেই মাত্রায় নয়।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি এমন ধারণা তৈরি করেছেন।
আরও পড়ুনঃ বিপাশার পর এবার অনুষ্কাকে খোঁচা! ফের বিতর্কে জড়ালেন ম্রুণাল ঠাকুর!
জীবনের নানা পর্যায়ে বিতর্কিত হলেও নীনা সবসময় নিজের ভাবনা নির্ভয়ে প্রকাশ করেছেন। হয়তো এ কারণেই তিনি বলিউডে একজন সাহসী এবং স্বাধীনচেতা নারী হিসেবেই পরিচিত।





