বিগ বসে গিয়ে অতীত প্রেমের খোলাসা! সম্পর্ক নিয়ে নির্ভীক কুনিকা!

বিগ বস ১৯ শেষ হতেই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী কুনিকা সদানন্দ। শো জুড়ে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় উঠে এসেছে আলোচনায়, বিশেষ করে গায়ক কুমার শানুর সঙ্গে তাঁর বহু বছরের পুরনো সম্পর্ক। সম্পর্কের কথা একসময় গোপন রাখলেও এখন আর সেই অধ্যায় আড়াল করতে চান না কুনিকা। বাড়ির বাইরে বেরিয়েও স্পষ্ট জানিয়ে দিলেন, বিবাহিত শানুর সঙ্গে লিভ ইন সম্পর্ক নিয়ে তাঁর কোনও অনুশোচনা নেই।

এক সাক্ষাৎকারে কুনিকা জানান, বাড়ির ভিতরে নীলম, গৌরব, ফারহানাদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি নিজের অতীত নিয়ে কথা বলেছিলেন শুধু বোঝানোর জন্য যে মানুষের সীমারেখা কতটা জরুরি। তিনি বলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল না কারওকে আঘাত করা বা অপমান করা। সেই সময়কার পরিস্থিতিতে তিনি নিজের দৃষ্টিভঙ্গিতে সঠিক মনে করেছিলেন যা করেছেন।

জুমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে কুমার শানুর সঙ্গে সেই সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন কুনিকা। তিনি জানান, অতীতের নানা ঝড়ঝাপটা, মানসিক অস্থিরতা, শৈশবের সমস্যা, একটি ভাঙা বিবাহ এবং মুম্বাইয়ে এসে সংগ্রাম—সব মিলেই তখন তিনি নিজেকে সামলানোর চেষ্টা করছিলেন। সেই অস্থিরতার ছাপ পড়েছিল তাঁর সম্পর্কগুলিতেও। তবুও তিনি বলেন, জীবনের কোনও সিদ্ধান্তকে তিনি আজ আফসোসের চোখে দেখেন না।

কুনিকার দাবি, প্রায় ছয় বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন, যদিও কুমার শানু তা প্রকাশ্যে আনেননি পরিবারের প্রতি শ্রদ্ধা থেকে। তিনি আরও জানান, গায়কের প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্য এই সম্পর্কের কথা জানতে পেরে একসময় রাগের মাথায় তাঁর গাড়ি ভেঙে দেন। বিগ বসের বাড়িতে কুনিকা বলেন, ছাব্বিশের বেশি বছর ধরে তিনি এই সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন। অবশেষে শোতে এসে তা প্রকাশ করতে পেরে তিনি স্বস্তি পেয়েছেন।

উল্লেখ্য, কুমার শানু প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে ১৯৮০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০০১ সালে গায়ক দ্বিতীয়বার শালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন এবং তাঁদের দুই সন্তান রয়েছে। সব মিলিয়ে, কুনিকার এই স্বীকারোক্তি আবারও শোর বাইরে আলোচনার ঝড় তুলেছে।