সম্প্রতি নারীবাদ নিয়ে মন্তব্য করে তীব্র বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী নোরা ফতেহি। তাঁর একটি মন্তব্যকে ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা এবং সমালোচনা। অনেকেই মনে করেছিলেন, তিনি নারীবাদের বিরোধিতা করছেন। তবে এবার সেই বিতর্কের মাঝেই সামনে এসে নিজের বক্তব্য স্পষ্ট করলেন নোরা। জনপ্রিয় ইউটিউবার লিলি সিংয়ের পডকাস্টে উপস্থিত হয়ে তিনি জানালেন, তাঁর মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং আসল প্রসঙ্গটি অনেকটাই বিকৃত হয়েছে।
নোরা জানান, গত বছর একটি পডকাস্টে তিনি নারীবাদ নিয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। কিন্তু সেই কথোপকথনের ছোট ছোট অংশ কেটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা পুরো বক্তব্যের অর্থকে বদলে দেয়। তাঁর কথায়, তিনি কখনও নারীদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি, বরং চরমপন্থার বিরোধিতা করেছেন। তিনি বিশ্বাস করেন, যে কোনও বিষয়েই ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনি তাঁর মতামত প্রকাশ করেছিলেন।
নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে নোরা বলেন, তিনি সিঙ্গেল প্যারেন্টের পরিবারে বড় হয়েছেন। যদিও সেখানে কোনও অভাব অনুভব করেননি, তবুও তিনি মনে করেন দুই অভিভাবকের উপস্থিতি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সেই দুই অভিভাবক যে কোনও গঠনের পরিবার হতে পারে বলেও তিনি স্পষ্ট করে দেন। তাঁর মতে, পরিবারের কাঠামো যাই হোক না কেন, মূল বিষয় হল ভালোবাসা, দায়িত্ববোধ এবং মানসিক সমর্থন।
নোরা আরও বলেন, তিনি এমন একটি সমাজের পক্ষে যেখানে নারী এবং পুরুষ উভয়েই সমানভাবে দায়িত্ব নেবে। শুধু স্বাধীন হওয়াই নয়, একে অপরের পাশে দাঁড়ানোও সমান গুরুত্বপূর্ণ। তিনি প্রশ্ন তোলেন, কেন স্বাধীন এবং শক্তিশালী হয়েও মানুষ একে অপরের উপর নির্ভর করতে পারবে না। তাঁর মতে, সম্পর্কের মধ্যে ভারসাম্য এবং পারস্পরিক সহযোগিতাই একটি সুস্থ সমাজ গড়ে তুলতে সাহায্য করে।
আরও পড়ুনঃ টলিউডে যোগ্যতার দাম নেই, চলছে ফলোয়ার দেখে কাস্টিং! ‘বিবি পায়রা’-র প্রচারে বিস্ফোরক স্বস্তিকা-অনির্বাণ!
প্রসঙ্গত, এর আগে একটি পডকাস্টে নোরা ফতেহি মন্তব্য করেছিলেন যে নারীবাদ সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। তবে এবার তিনি স্পষ্ট করে দিলেন, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ছিল না নারীবাদকে ছোট করা, বরং তিনি চেয়েছিলেন একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরতে। তাঁর এই নতুন ব্যাখ্যার পর বিতর্ক কিছুটা থামবে কি না, সেটাই এখন দেখার।





