প্রয়াত অভিনেতা ওম পুরীর অভিনয় জীবনের সাফল্য নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন বহুবার আলোচনায় এসেছে। ১৯৯১ সালে লেখিকা এবং অভিনেতা অন্নু কাপুরের বোন সীমা কাপুরের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সীমা তাঁদের দাম্পত্য জীবনের নানা অজানা ঘটনার কথা সামনে এনেছেন।
সীমার দাবি, তিনি যখন সন্তানসম্ভবা ছিলেন, তখনই ওম পুরীর জীবনে অন্য এক নারীর আগমন ঘটে। এই খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নিজের মায়ের বাড়িতে চলে যান। সেই কঠিন সময়েই তিনি নিজের অনাগত সন্তানকে হারান। সীমা জানান, ওই সন্তানই ছিল তাঁর ভবিষ্যতের একমাত্র ভরসা, কিন্তু সেই স্বপ্নও পূরণ হয়নি।
সন্তান হারানোর কষ্ট তাঁকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়িয়েছে। সীমা জানিয়েছেন, শোক কাটিয়ে উঠতে তিনি নিয়মিত তাঁর মৃত সন্তানকে উদ্দেশ্য করে চিঠি লিখতেন। একই সময়ে তাঁর পরিবারের সদস্যরাও পাশে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে তাঁর দাদা অন্নু কাপুর ওম পুরীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
আরও পড়ুনঃ দিনে ৩ হাজার টাকা! বদলে সাজতে হবে ‘মৃ’তদেহ’! সাদা কাপড়ে মোড়া দেহ ছাড়া, মিলতো না আর কোন রোল! শুরুর দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগপ্রবণ জনপ্রিয় অভিনেত্রী!
তবে সীমা কোনও আইনি লড়াইয়ে যেতে চাননি। তাঁর কথায়, তিনি প্রকাশ্যে বিবাদ বা বিতর্কে জড়াতে আগ্রহী ছিলেন না। রাজস্থানে চলে যাওয়ার পর তাঁদের সম্পর্কে দূরত্ব আরও বেড়ে যায়। পরে সন্তান হারানোর অল্প সময়ের মধ্যেই ওম পুরীর তরফে বিবাহবিচ্ছেদের কাগজও তাঁর কাছে পৌঁছয়, যা তাঁর জন্য আরও বড় ধাক্কা ছিল।





