পহেলগাঁওয়ের স্মৃতি ফিরল ইন্ডিয়ান আইডলের মঞ্চে, শহিদ পর্যটকের স্ত্রীর কথায় কেঁদে ফেললেন শ্রেয়া

পহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলা একসময় স্তব্ধ করে দিয়েছিল গোটা দেশকে। ২০২৫ সালের ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে সেখানে ২৫ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি আবার ফিরে এল জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডল ১৬–এর মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিহত পর্যটক শুভমের স্ত্রী ঐশান্যা দ্বিবেদী।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তৈরি এই বিশেষ পর্বের একটি ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে ঐশান্যাকে দেখা যায় আবেগে ভেঙে পড়তে। তিনি জানান, বিয়ের মাত্র দু’মাসের মধ্যেই স্বামীকে হারাতে হয়েছে তাঁকে। পর্যটকদের মধ্যে প্রথম গুলিটিই লেগেছিল শুভমের শরীরে। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তাঁর চোখে জল চলে আসে।

মঞ্চেই ঐশান্যা দেখান, ঠিক কোথায় তাঁর স্বামীর গুলি লেগেছিল। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন ভারতীয় সেনা জওয়ানের উদ্দেশে তিনি বলেন, ভারতীয় সেনা ২৬ জন বোনের হয়ে বদলা নিয়েছে এবং তিনি সত্যিই গর্বিত। তাঁর এই কথা শুনে আবেগে কেঁদে ফেলেন বিচারক শ্রেয়া ঘোষাল। স্তব্ধ হয়ে যান বিশাল দদলানিও।

এই আবেগঘন মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। নেটনাগরিকদের একাংশ প্রশ্ন তোলেন, কেন শুধুমাত্র একজন নিহত পর্যটকের স্ত্রীকেই ডাকা হল। তাঁদের মতে, যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের সকলের পরিবারকে একসঙ্গে সম্মান জানানো উচিত ছিল।

এছাড়াও ভারতীয় সেনা বদলা নিয়েছে এই মন্তব্য নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আদৌ জঙ্গিদের বিরুদ্ধে কোনও প্রতিশোধ নেওয়া হয়েছে কি না। এই সব মতভেদ ও আবেগের মাঝেই ইন্ডিয়ান আইডলের মঞ্চে পহেলগাঁওয়ের সেই যন্ত্রণা আবার নতুন করে দেশবাসীর মনে নাড়া দিয়ে গেল।