‘ভেবেছিলাম শাশ্বতর সাহস আছে….’ শাশ্বত চট্টোপাধ্যায়কে মিথ্যেবাদী বললেন পল্লবী যোশী! জোরালো বেঙ্গল ফাইলসের বিতর্ক

৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে বহুল চর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’। শুরু থেকেই ছবিটিকে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার সেই আগুনে ঘি ঢাললেন ছবির অন্যতম মুখ, অভিনেত্রী এবং পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী পল্লবী যোশী। সরাসরি আক্রমণের মুখে পড়লেন শাশ্বত চট্টোপাধ্যায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত জানান, ছবির সম্পূর্ণ চিত্রনাট্য তিনি জানতেন না। তাঁর কথায়, ছবির বিষয়ে তাঁকে খোলসা করে কিছুই জানানো হয়নি। শুধু সংলাপ ও দৃশ্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন তিনি। আর এখানেই বিস্ফোরক মন্তব্য করেন পল্লবী। তাঁর দাবি, শাশ্বত পুরোপুরি জানতেন ছবির কাহিনি। শুধু কিছু চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছিল, যা হয়তো তাঁর অজানা ছিল। বাকি সব বিষয়ে তিনি ওয়াকিবহাল ছিলেন।

পল্লবীর আরও অভিযোগ, শাশ্বত ইচ্ছে করেই ছবির থেকে দূরত্ব বজায় রাখছেন। তাঁর কথায়, ‘‘শাশ্বত চট্টোপাধ্যায় ভয় পেয়েছেন। তাই এখন ভিন্ন সুরে কথা বলছেন। আসলে তিনি মিথ্যেবাদী। কারও চাপেই হয়তো তিনি আজ ছবির বিরুদ্ধে কথা বলছেন।’’ এখানেই থেমে থাকেননি তিনি। কটাক্ষ করে বলেন, ‘‘একটু পুরুষমানুষ হয়ে উঠুন। আমাদের ছবির নামে কুকথা বলা বন্ধ করুন।’’

বিতর্ক আরও বাড়ায় পরিচালক নিজেই কয়েকদিন আগে একটি ভিডিও প্রকাশ্যে আনেন। সেই ভিডিওতে শাশ্বতকে পরিচালকের ভূয়সী প্রশংসা করতে শোনা যায়। এমনকি তিনি বলেছিলেন, ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’-এর চিত্রনাট্য যথেষ্ট ইতিহাস ঘেঁটে তৈরি। এই ভিডিও প্রকাশের পর শাশ্বতের আগের দাবি আরও প্রশ্নের মুখে পড়ে। ফলে বিতর্ক আরও ঘনীভূত হয়।

এই প্রসঙ্গে শাশ্বতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও সাড়া মেলেনি। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’ ছবির শুটিং নিয়ে। তবে একদিকে ছবির মুক্তি, অন্যদিকে শাশ্বতকে ঘিরে বিতর্ক— সব মিলিয়ে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ এখনই সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম, সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু। ছবিটি মুক্তির পর এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।